# পুলিশ সুপারের মোবাইল ফোন জব্দ, নজরদারিতে রেখে জিজ্ঞাসাবাদ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-12
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/pulis-suparer-mobail-fon-jbd-njrdarite-rekhe-jijngasabad](https://dailyfulki.com/article/pulis-suparer-mobail-fon-jbd-njrdarite-rekhe-jijngasabad)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11945.md](https://dailyfulki.com/news/11945.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাকে নজরদারিতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রাম নগরের হালিশহরে জেলা পুলিশ লাইনসে অবস্থিত তার নিজ কার্যালয় থেকে মোবাইল ফোন দুটি জব্দ করা হয়।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় মোহাম্মদ জাহাংগীর আলম ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তার গোপন যোগাযোগ থাকার অভিযোগ উঠেছে। মূলত এসব অভিযোগের সত্যতা যাচাই করতেই তার ব্যবহৃত ফোন দুটি জব্দ করে ফরেনসিক ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরী জানান, সুনির্দিষ্ট একটি অভিযোগের ভিত্তিতে ওই পুলিশ কর্মকর্তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং তাকে নজরদারিতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। তবে তদন্তের স্বার্থে অভিযোগের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তিনি। 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
