# আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-11
- **বিভাগ (Category)**: বিনোদন
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ayatul-kursi-khodai-kra-gyna-pray-karinake-aini-notis](https://dailyfulki.com/article/ayatul-kursi-khodai-kra-gyna-pray-karinake-aini-notis)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11939.md](https://dailyfulki.com/news/11939.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। পবিত্র কুরআনের আয়াত খোদাই করা ঐতিহাসিক পান্নার গয়না পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করায় তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ভোপালের সামাজিক অধিকারকর্মী ও কংগ্রেস নেতা আব্বাস হাফিজের আপত্তির পরিপ্রেক্ষিতে এ নোটিশ দেওয়া হয়। গয়নাটিতে পবিত্র কুরআনের দ্বিতীয় সূরা আল-বাকারার ২৫৫তম আয়াত, আয়াতুল কুরসি খোদাই করা রয়েছে।

সম্প্রতি দীপাবলি উপলক্ষে নিজের বিশেষ সাজের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন কারিনা। এদিন ডিজাইনার পুনীত বালানার তৈরি রুপার কাজ করা বেইজ রঙের কাফতান পরেছিলেন তিনি। এর সঙ্গে ছিল একই রঙের পাগড়ি। পাগড়িতে যুক্ত করা হয়েছিল হীরাখচিত একটি কলগি। প্রায় ২০০ বছরের পুরোনো এই অলংকারটি একসময় ভোপালের নবাবের ছিল। কারিনার স্বামী সাইফ আলী খানও তাঁদের বিয়ের দিন এটি পরেছিলেন।

তবে পোশাক কিংবা পাগড়ির চেয়ে বেশি নজর কেড়েছে কারিনার গলায় থাকা ৩০ ক্যারেটের পান্নার লকেটটি। ভোপালের সাবেক রাজপরিবারের ঐতিহ্যবাহী এই গয়নায় খোদাই করা রয়েছে আয়াতুল কুরসি। একসময় এটি ভোপালের বেগম সাজিদা সুলতানের সংগ্রহে ছিল। বিয়ের পর সাইফ আলী খানের পারিবারিক উত্তরাধিকার সূত্রে গয়নাটি কারিনার কাছে আসে।

কারিনার সাজের দায়িত্বে ছিলেন রিয়া কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি পোশাক ও অলংকারগুলোর পরিচয় তুলে ধরেন। তাঁর দেওয়া তথ্যমতে, কারিনার পরনে ছিল পুনীত বালানার তৈরি রুপার কাজ করা কাফতান ও পাগড়ি। সঙ্গে ছিল ভোপালের নবাবের প্রায় ২০০ বছরের পুরোনো কলগি এবং ভোপালের বেগমের ৩০ ক্যারেটের পান্না, যাতে আয়াতুল কুরসি খোদাই করা রয়েছে।

রিয়া আরও জানান, গয়নাগুলো ভোপালের সাবেক রাজপরিবারের পারিবারিক উত্তরাধিকার। সাইফের পরিবারের সূত্রেই এগুলো এসেছে। তাঁর দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাব হামিদুল্লাহ খানের মেয়ে।

এদিকে গয়নাটি ব্যবহারের বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন আব্বাস হাফিজ। তাঁর বক্তব্য, পবিত্র কুরআনের আয়াত ধর্মীয় বিশ্বাস ও ইবাদতের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এমন আয়াত খোদাই করা গয়নাকে সাজসজ্জার উপকরণ হিসেবে ব্যবহার করা ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। তাঁর আপত্তি কারিনার পোশাক কিংবা পাগড়ি নিয়ে নয়, বরং কুরআনের আয়াতসংবলিত পান্নার লকেটটি ফ্যাশনের অংশ হিসেবে ব্যবহারের বিষয়টি নিয়ে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইনজীবীর মাধ্যমে পাঠানো নোটিশে কারিনার কাছে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংশ্লিষ্ট ছবি সরিয়ে নেওয়া এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। একই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে, সে বিষয়েও সতর্ক করা হয়েছে। দাবি পূরণ না হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন আব্বাস হাফিজ। তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কারিনা কাপুর খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে দীপাবলির সাজের ছবিগুলো প্রকাশ করে কারিনা লিখেছিলেন, ‘দীপাবলি মানেই ঐতিহ্যকে যথাযথভাবে উদ্‌যাপন করা।’ তাঁর সেই সাজই এবার ঐতিহাসিক উত্তরাধিকার, ধর্মীয় অনুভূতি ও ব্যক্তিগত অভিব্যক্তির প্রশ্নে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

সূত্র: এনডিটিভি

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
