# প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘মদ খেয়ে’ হাসিনার নামে স্লোগান, আটক ৩

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-11
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/prdhanmntreer-basvbner-kache-md-kheye-hasinar-name-slogan-atk-3](https://dailyfulki.com/article/prdhanmntreer-basvbner-kache-md-kheye-hasinar-name-slogan-atk-3)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11921.md](https://dailyfulki.com/news/11921.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায় এক কিলোমিটার দূরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেওয়ার অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশে দিয়েছেন ছাত্রদলের এক নেতা।

এ সময় আরও চার যুবক মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান বলে জানিয়েছেন ওই ছাত্রদল নেতা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গুলশান-২ নম্বর চত্বরের কাছে ওয়েস্টিন হোটেলের সামনে এ ঘটনা ঘটে। পরে আটক তিন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য গুলশান থানায় নিয়ে যায় পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার সাব্বির হোসেন (২৯), পুরান ঢাকার চকবাজারের ফারহান আহম্মেদ (২৪) ও নাটোরের বড়াইগ্রাম উপজেলার সজিবুর রহমান (৩০)। সাব্বির মিরপুর-২ এবং সজিবুর মহাখালীর ওয়্যারলেস এলাকায় থাকেন।

তিন যুবককে আটক করে পুলিশে দেওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, রাতে গুলশান হয়ে বনশ্রীর বাসায় ফিরছিলেন তিনি। ওয়েস্টিন হোটেলের সামনে কয়েক যুবককে শেখ হাসিনার নামে স্লোগান দিতে শুনে গাড়ি থামান। সেখানে চারটি মোটরসাইকেল রাখা ছিল। যুবকদের পরিচয় জানতে চাইলে তাদের চারজন মোটরসাইকেল নিয়ে দ্রুত চলে যান। তবে অন্য তিনজনকে আটকে রেখে পুলিশে খবর দেন তিনি।

রহিম আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আটক যুবকদের জিজ্ঞাসাবাদ করে।

তখন তারা দাবি করেন, মদ্যপ অবস্থায় না বুঝে শেখ হাসিনার নামে স্লোগান দিয়েছেন। এ জন্য তারা দুঃখও প্রকাশ করেন। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তিন যুবককে আটকের পর ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। অনেকে তাদের ঘিরে রাখেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমকে বলেন, কয়েকজন যুবককে শেখ হাসিনার নামে স্লোগান দিতে শুনেছেন তিনি। পরে তাদের কয়েকজন মোটরসাইকেল নিয়ে চলে যান। এ সময় অন্য একজনকে দৌড়ে তাদের ধরার চেষ্টা করতে দেখেন।

তবে আটক যুবকদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর দিবাগত রাত তিনটার দিকে সংবাদমাধ্যমকে বলেন, তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হবে।

তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোন অভিযোগে মামলা করা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাননি পুলিশের এ কর্মকর্তা।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
