# ধামরাইয়ে পাঁচ দিনে চার বাসে আগুন, গ্রেপ্তার ৫

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-10
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhamraye-pannc-dine-car-base-agun-greptar-5](https://dailyfulki.com/article/dhamraye-pannc-dine-car-base-agun-greptar-5)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11915.md](https://dailyfulki.com/news/11915.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে পরপর তিন রাতে তিনটি বাসে আগুন দেওয়ার পর ফের সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত রাত ১টার দিকে ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কের ধামরাই পৌরসভার যাত্রাবাড়ী এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে এ ঘটনা ঘটে।

এ নিয়ে গত ৫ দিনে চার বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর আগে, শনি, শুক্র ও বৃহস্পতিবার রাতে ধামরাইয়ের যাত্রাবাড়ী, শরীফবাগ, শ্রীরামপুর ও থানা বাসস্ট্যান্ডে সড়কের পাশে থেমে থাকা চারটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে। গত পাঁচ দিনের ব্যবধানে ধামরাইয়ে চারটি বাসে আগুন দেওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার রাতে দুটি বাসের মালিক লুৎফর রহমান ও আব্দুল বারেক বাদী হয়ে ধামরাই থানায় দুটি মামলা করেন। মামলায় ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ দুটি মামলায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—ধামরাইয়ের বাথুলি এলাকার মাইনুদ্দিন বেপারীর ছেলে বাবুল হোসেন ওরফে কদম আলী, ঈশাননগর এলাকার হযরত আলীর ছেলে আবদুল্লাহ আল মামুন, কুশুরা ইউনিয়নের ঈমান গাঙ্গাইল এলাকার জাফর আলীর ছেলে দলিল লেখক মহিউদ্দিন, চরখণ্ড এলাকার আজিজুল হকের ছেলে আবু বক্কর সিদ্দিক ও বাইচাল এলাকার জয়নাল আবেদীনের ছেলে মাসুদুর রহমান। 

স্থানীয়রা জানান, গ্রেপ্তাররা সবাই আওয়ামী লীগের কর্মী বলে পরিচিত। 
এলাকাবাসী জানান, সোমবার রাত ১টার দিকে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গার্মেন্টস শ্রমিক বহনকারী হামজা ব্রাদার্স পরিবহণের একটি বাসে আগুন জ্বলতে দেখেন তারা। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসটির মালিক মো. লালন বলেন, প্রতি রাতের মতো বাসটি ওই স্থানে রাখা ছিল। ডিইপিজেড গার্মেন্টসের শ্রমিক বহন করত বাসটি। হঠাৎ কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি বাসটির ভেতরে সব পুড়ে ছাই হয়ে গেছে।

ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আল আমিন খান বলেন, প্রাথমিকভাবে বাসে আগুনের ঘটনাগুলো নাশকতামূলক বলে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘সোম, শনি, শুক্র ও বৃহস্পতিবার রাতে ধামরাইয়ের যাত্রাবাড়ী, শরীফবাগ, শ্রীরামপুর ও থানা বাসস্ট্যান্ডে সড়কের পাশে থেমে থাকা চারটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। শরীফবাগ ও থানা বাসস্ট্যান্ডে বাসে আগুন দেওয়ার ঘটনায় দুটি মামলা হয়েছে। মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া অপর দুটি বাসে আগুন দেওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’ 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
