# মানিকগঞ্জে  শ্রেণিকক্ষে চলন্ত ফ্যান ছিঁড়ে পড়ল শিশুদের মাথায়

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-09
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/manikgnje-srenikkshe-clnt-fzan-chinnre-prl-sisuder-mathay](https://dailyfulki.com/article/manikgnje-srenikkshe-clnt-fzan-chinnre-prl-sisuder-mathay)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11899.md](https://dailyfulki.com/news/11899.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

মানিকগঞ্জের হরিরামপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ঘটনা ঘটেছে। জরাজীর্ণ টিনশেড ভবনে চলছিল পাঠদান। হঠাৎ শ্রেণিকক্ষে চলন্ত সিলিং ফ্যান ভেঙে পড়ে।

 

এতে দ্বিতীয় শ্রেণির দুই শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে একজনের নাক ও চোখে গুরুতর আঘাত লেগেছে। ঝুঁকিপূর্ণ পরিবেশে ক্লাশ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

 

সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

 

আহত দুই শিক্ষার্থী হলো- দ্বিতীয় শ্রেণির আমির হামজা ও অর্ক। আমির হামজা দিয়াবাড়ি গ্রামের মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্য শিক্ষার্থী অর্ককে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।

 

বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা জানান, সোমবার নিয়মিত ক্লাশ চলছিল। এ সময় হঠাৎ শ্রেণিকক্ষের সিলিং ফ্যানটি ভেঙে শিক্ষার্থীদের পাশে আছড়ে পড়ে। ফ্যানের ঘূর্ণায়মান পাখার আঘাতে আমির হামজার নাক ও চোখে জখম হয়। একই ঘটনায় আহত হয় অর্কও। অল্পের জন্য আরও বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় অন্য শিক্ষার্থীরা।

 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম কাজল বলেন, বিদ্যালয়ের টিনশেড ঘরটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। ঘরের বিভিন্ন অংশের টিন নষ্ট হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই শ্রেণিকক্ষে পানি পড়ে। কয়েক দফা মেরামত করেও কোনো সুফল মেলেনি। ঝুঁকিপূর্ণ পরিবেশেই বাধ্য হয়ে পাঠদান চালাতে হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে জরাজীর্ণ ঘরটি নতুন করে নির্মাণ করা জরুরি।

 

প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে দায়িত্ব পালনকারী সহকারী প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, ভবনটি দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী অবস্থায় রয়েছে। প্রায় এক মাস আগে এটি মেরামতের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে। ফ্যান ভেঙে দুই শিক্ষার্থী আহত হওয়ার বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকেও মৌখিকভাবে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।

 

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য এর আগে দুই দফা বরাদ্দ এলেও জমি-সংক্রান্ত জটিলতায় তা ফেরত গেছে। বিদ্যালয় প্রাঙ্গণে বন্যার্তদের জন্য একটি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। সেখানে প্রাথমিক বিদ্যালয়ের জন্য তিনটি কক্ষ বরাদ্দ থাকার কথা; কিন্তু মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ কক্ষগুলো ব্যবহার করতে দিচ্ছে না। বিষয়টি নিয়ে আলোচনা করে আশ্রয়কেন্দ্রে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র দেবনাথ বলেন, বিষয়টি নিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলবেন। আশ্রয়কেন্দ্রে শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করা যায় কিনা, তা-ও খতিয়ে দেখা হবে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
