# সাভারে পার্কিং করে রাখা দুই বাসে আগুন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-09
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-parking-kre-rakha-dui-base-agun](https://dailyfulki.com/article/savare-parking-kre-rakha-dui-base-agun)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11895.md](https://dailyfulki.com/news/11895.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা একটি পোশাক শ্রমিকবাহী বাস ও ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে সাভারের গেন্ডা ও বলিয়ারপুর এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সোমবার (৯ নভেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত আনুমানিক ১টারদিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে পার্কিং করে রাখা ছিল একটি পোশাক শ্রমিকবাহী বাস। এ সময় হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর কয়েক ঘণ্টার মাথায়, সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় টাটা সার্ভিসিং সেন্টারের সামনে পার্কিং করা ইতিহাস পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্বিতীয় দফায় ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, গেন্ডা এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাসে এবং বলিয়ারপুর এলাকায় ইতিহাস পরিবহনের পার্কিং করা যাত্রীবাহী বাসে রাতের আঁধারে অগ্নিসংযোগ করা হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকলকর্মীরা গিয়ে পৃথক দুটি স্থানের আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন দিয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
