# ‘ভুয়া ভুয়া’ স্লোগানে অশালীন অঙ্গভঙ্গি করে মঞ্চ ছাড়লেন পরীমনি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-09
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/vuza-vuza-slogane-osaleen-ongovngoi-kre-mnc-chadlen-preemni](https://dailyfulki.com/article/vuza-vuza-slogane-osaleen-ongovngoi-kre-mnc-chadlen-preemni)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11885.md](https://dailyfulki.com/news/11885.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে বড় পর্দায় দেখা নেই চিত্রনায়িকা পরীমনির। এ সময়ে মুক্তি পায়নি তার অভিনীত কোনো সিনেমাও। তবে চলচ্চিত্রে অনুপস্থিত থাকলেও আলোচনার বাইরে নন এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবন, প্রেম-বিয়ে, আইনি জটিলতা কিংবা নানা বিতর্কিত কর্মকাণ্ড—বিভিন্ন ইস্যুতে প্রায়ই সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায় আসছেন তিনি।

এবার ঢাকার একটি অভিজাত ক্লাবে স্টেজ পারফরম্যান্স করতে গিয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান শোনার পর ক্ষুব্ধ হয়ে ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন করে অনুষ্ঠানস্থল ছাড়তে বাধ্য হয়েছেন পরীমনি।

রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশানে ‘ওয়েডিং কার্নিভাল’ নামের একটি ফ্যাশন শোতে এ ঘটনা ঘটে।

‘মিডল ফিঙ্গার’ দেখানো এবং ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন তিনি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন পরীমনি। সেখানে পুরো আয়োজনের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেন এই অভিনেত্রী।

এর আগে গত ৫ নভেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। আদালত থেকে বের হওয়ার সময় তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংবাদকর্মীদের বাগ্বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

একপর্যায়ে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ তোলেন পরীমনি। ওই সাংবাদিককে হেনস্তা এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনি ও তার নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে।

এ ঘটনার প্রতিবাদে দেশের কয়েকটি সাংবাদিক সংগঠন সরব হয়। মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ), এমআরইউ, ডিআরএফ ও ইয়ুথ জার্নালসহ বিভিন্ন সংগঠন পরীমনির আচরণের নিন্দা জানিয়ে তাকে বয়কটের ঘোষণা দেয়।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
