# পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-08
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/pllbee-thanar-vetre-kktel-bisforn](https://dailyfulki.com/article/pllbee-thanar-vetre-kktel-bisforn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11881.md](https://dailyfulki.com/news/11881.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাজধানীর বিভিন্ন স্থানের পর এবার পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) রাতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাত সোয়া ৮টার দিকে দুর্বৃত্তরা থানার ভেতরে একটি ককটেল নিক্ষেপ করে। ওই সময় বিকট শব্দে থানার গেটের ভেতরে সেটি বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

 

এর আগে রোববার সন্ধ্যা ৬টা থেকে এক ঘণ্টার ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অন্তত ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।

 

 

এদিকে রোববার সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের বাইরে এবং নীলক্ষেত মোড় এলাকায় পৃথক দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়াও রাজধানীর ভাটারা থানা এলাকায় একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় নতুনবাজার ১০০ ফিট রোডের ভাটারা থানার কিছুটা সামনে বাসটিতে আগুন দেয়া হয়। তবে পৃথক এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

 

এর আগে শনিবার (৭ নভেম্বর) রাতে মিরপুরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে এবং মধ্যরাতের দিকে মহাখালীতে পার্কিং করা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

 

ওইদিন রাত ১০টার দিকে পল্লবী মেট্রো স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন দেখা যায়। ওই সময় দ্রুত চালক ও হেলপার বাসের সিটগুলো সরিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে বাসটি নিরাপদে সরিয়ে নেয়।

 

অন্যদিকে শনিবার রাত ১টার দিকে মহাখালী বাস টার্মিনালের পেছনের দিকে পার্কিং করা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুরো বাসটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ছাড়াও একই দিন রাজধানীর বনানী ও মহাখালী এলাকার সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
