# সাভার-আশুলিয়ায় কর্মচাঞ্চল্য, কাজে ফিরেছেন অধিকাংশ পোশাকশ্রমিক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-08
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savar-asuliyay-krmcanclz-kaje-firechen-odhikangs-posakshrmik](https://dailyfulki.com/article/savar-asuliyay-krmcanclz-kaje-firechen-odhikangs-posakshrmik)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11877.md](https://dailyfulki.com/news/11877.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : টানা কয়েকদিনের শ্রমিক উত্তেজনা এবং আন্দোলনের পর আবারও কর্মচঞ্চল পরিবেশে ফিরেছে সাভার ও আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলো। মজুরি বৃদ্ধির দাবিতে টানা ছয় দিন আন্দোলনের পর সাপ্তাহিক ও সাধারণ ছুটি শেষে  রোববার সকাল থেকেই অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রমে যোগ দিয়েছেন পোশাকশ্রমিকেরা।

এদিন সকালে আশুলিয়া ও সাভারের বিভিন্ন শিল্প এলাকা ঘুরে দেখা যায়, নির্দিষ্ট সময়ের মধ্যেই নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করছেন শ্রমিকেরা। কারখানার ভেতরে মেশিন সচল রয়েছে এবং উৎপাদন কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে।

পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক থাকলেও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শিল্প এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ ও বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।

এদিকে শিল্প এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আশুলিয়ার কয়েকটি কারখানায় উৎপাদন বন্ধ থাকার খবর পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, মেডলার, দি রোজ, এনবয়, নিট এশিয়াসহ গুটিকয়েক কারখানায় কাজ বন্ধ রয়েছে। শ্রমিকদের কাজে ফেরাতে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কারখানা কর্তৃপক্ষ।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, ‘আশুলিয়া এলাকায় সকালে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছেন। তবে সকাল ১০টার পরে ছয় তলা এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করে কারখানা থেকে বেরিয়ে যান। কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তরিকুল ইসলাম জানান, সামগ্রিকভাবে শিল্পাঞ্চলের পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক। শ্রমিকরা সরকারের নির্দেশনা ও পুলিশের সঙ্গে আলোচনা মেনে শান্তিশৃঙ্খলা বজায় রেখে কাজে ফিরেছেন।’ 

শত শত কারখানার মধ্যে হাতে গোনা দু-একটি কারখানা বন্ধ বা কর্মবিরতি থাকতে পারে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতে সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে বলেও জানান তিনি।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
