# প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে গুরুত্ব পাবে শ্রমবাজার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-10
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/prdhan-updeshtar-malyesiya-sfre-gurutw-pabe-srmbajar](https://dailyfulki.com/article/prdhan-updeshtar-malyesiya-sfre-gurutw-pabe-srmbajar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1186.md](https://dailyfulki.com/news/1186.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে ৫টির মতো সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। আজ রবিবার প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে করা ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (পিডি) শাহ আসিফ রহমান।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হওয়া সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে শ্রমবাজার, রোহিঙ্গা প্রত্যাবাসন, গভীর সমুদ্রের সঠিক ব্যবহার, কৃষিসহ দিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কে জোর দেওয়া হবে।
তিন দিনের সফরে আগামীকাল সোমবার মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশ সরকারপ্রধানের এটি ফিরতি সফর। আনোয়ার ইব্রাহিম গত অক্টোবরে মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ অন্যরা প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হতে পারেন।

ব্রিফিংয়ে শাহ আসিফ রহমান জানান, মঙ্গলবার (১২ আগস্ট) পুত্রযায়ায় মালেশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সফরে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে মালয়েশিয়াসহ আসিয়ানভুক্ত দেশগুলোকে আহ্বান জানানো হবে এই সফরে। পাশাপাশি শ্রমবাজার, গভীর সমুদ্রের সঠিক ব্যবহার, কৃষিসহ দিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কে জোরদারের বিষয়গুলোও আলোচনায় গুরুত্ব পাবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
