# ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড় ও গলাকাটা মুরগি ঘিরে এলাকায় আতঙ্ক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-05
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhamraye-car-barir-samne-kafner-kapr-oo-glakata-murgi-ghire-elakay-atnk](https://dailyfulki.com/article/dhamraye-car-barir-samne-kafner-kapr-oo-glakata-murgi-ghire-elakay-atnk)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11855.md](https://dailyfulki.com/news/11855.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ধামরাইয়ে গণপূর্ত অধিদফতরের এক কর্মকর্তাসহ চারটি বাড়ির সামনে কাফনের কাপড়, আতর ও গলাকাটা মুরগি রেখে গেছে অজ্ঞাত কেউ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোররাতে উপজেলার বড় চন্দ্রাইল এলাকায় এ ঘটনা ঘটে। রহস্যজনক এ ঘটনায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মাসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোছলেহ উদ্দিনের পরিবারকে যারা আর্থিক ও অন্যান্যভাবে সহযোগিতা করেছিলেন, তাদের বাড়িগুলোর সামনেই এসব সামগ্রী রেখে যায় অজ্ঞাত ব্যক্তিরা। বৃহস্পতিবার ভোরে বাড়ির সামনে কাফনের কাপড়, আতর ও গলাকাটা মুরগি পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির লোকজন ও আশপাশের বাসিন্দারা।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কারা, কী উদ্দেশ্যে এসব সামগ্রী বাড়ির সামনে রেখে গেছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার সঙ্গে এ ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও আলোচনা চলছে।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, বৃহস্পতিবার ভোররাতে মোছলেহ উদ্দিনের বাড়িসহ আরও তিনটি বাড়ির সামনে অজ্ঞাতনামা ব্যক্তিরা কাফনের কাপড়, আতর ও গলাকাটা মুরগি রেখে যায়। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, রহস্যজনক এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত শনাক্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
