# পুলিশ এখনো কাঠামোগতভাবে কাজ করছে না : নৌ উপদেষ্টা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-10
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/pulis-ekhno-kathamogtvabe-kaj-krche-na-nou-updeshta](https://dailyfulki.com/article/pulis-ekhno-kathamogtvabe-kaj-krche-na-nou-updeshta)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1184.md](https://dailyfulki.com/news/1184.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : পুলিশ এখনো কাঠামোগতভাবে কাজ করছে না জানিয়ে শ্রম ও নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন না করলে সরকারের পক্ষে অনেক কিছুই করা সম্ভব হয় না।’

রবিবার (১০ আগস্ট) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘পুরো স্ট্রাকচার ভেঙে ফেলেছে আগের সরকার— আইন-শৃঙ্খলা বাহিনী, সিভিল প্রশাসন, এমনকি সেনাবাহিনীও। প্রত্যেক জায়গায় ফ্যাসিবাদ ঢুকে পড়েছিল।

রাষ্ট্রের কোথাও ফাঁকা জায়গা ছিল না। এ রকম পরিস্থিতিতে আপনি এক বছরে কতটা পরিবর্তন আনতে পারবেন?’
তিনি জানান, ‘বর্তমান সরকার একটি নতুন কাঠামো দাঁড় করানোর চেষ্টা করছে, যাতে পরবর্তী সরকার কাজ এগিয়ে নিতে পারে। একটা চিঠি দিয়ে পেছনে লোক পাঠাই, গিয়ে বসে থাকো, কাজ শেষ হলে নিয়ে আসো—এভাবে কাজ করতে হচ্ছে।’

শ্রম খাতের নানা সমস্যার কথাও তুলে ধরে এই উপদেষ্টা বলেন, ‘বিজিএমইএর সভাপতিকে এমপি হতে হবে—এমন পরিস্থিতিতে তিনি আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) গিয়ে কথা বলতে পারেন না।

লেবার সেক্টরে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট রয়েছে।’
তিনি জানান, ব্যর্থ মালিকদের কয়েকটি কারখানা বর্তমানে শ্রম মন্ত্রণালয়ের হাতে রয়েছে এবং এগুলো বিক্রির চেষ্টা চলছে। কারণ শ্রম কল্যাণ তহবিল থেকে শ্রমিকদের বেতন পরিশোধে ঋণ নেওয়ার পর মালিকরা বিদেশে চলে গেছেন।

শ্রমিক অধিকার বিষয়ে নৌ উপদেষ্টা বলেন, ‘একসময় ৪২ জন শ্রমিক নেতা কারাগারে ছিলেন, বর্তমানে একজন আছেন।

নারী শ্রমিকদের বেতন-ভাতা ও অধিকার নিয়ে কাজ করতে গিয়ে দেখা গেছে, নির্মাণ খাতের বড় বড় কম্পানি শ্রম কল্যাণ তহবিলে নিবন্ধিত নয়। এ জন্য মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়ে জানানো হয়েছে, নিবন্ধন না করলে সরকারি কাজে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।’

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
