# আশুলিয়ায় পরিস্থিতি শান্ত, পুলিশের দুই মামলায় আসামি ১ হাজার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-03
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-pristhiti-sant-puliser-dui-mamlay-asami-1-hajar](https://dailyfulki.com/article/asuliyay-pristhiti-sant-puliser-dui-mamlay-asami-1-hajar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11813.md](https://dailyfulki.com/news/11813.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : ন্যূনতম ৩০ হাজার মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়ায় আজকেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাভারের আশুলিয়ায় সার্বিক পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে গত চার দিনের শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ ও সহিংসতার ঘটনায় আশুলিয়া থানায় কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে দুটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা ৮০০ থেকে ১ হাজার জনকে আসামি করা হয়েছে।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। এদিকে চলমান শ্রমিক অসন্তোষের ঘটনায় মোট আটকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।

 

জানা যায়, এর আগে সকালে বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিলেও কয়েকটি কারখানায় কাজ বন্ধ রাখা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নরসিংহপুর এলাকায় হা-মীম গ্রুপের একটি কারখানার সামনের সড়কে শ্রমিকেরা টায়ার ও প্লাস্টিকজাতীয় বস্তুতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। একই সঙ্গে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের ইউনিক ও নিশ্চিন্তপুর এলাকাতেও সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়।

 

বিক্ষোভের একপর্যায়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের (টিয়ার শেল) শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের বাধার মুখে শ্রমিকেরা আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন। এই পরিস্থিতিতে আশুলিয়া শিল্পাঞ্চল এলাকার প্রায় ৪০টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এছাড়া প্রায় ১০টি কারখানার শ্রমিকেরা কারখানার ভেতরে কাজ বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করেন বলে জানা যায়।

 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের পর বর্তমানে পুরো আশুলিয়া ও বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ইতোমধ্যে প্রায় ৪০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। প্রায় ১০টি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানায় অবস্থান করছেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
