# আশুলিয়ায় শ্রমিক-পুলিশ কয়েক দফা সংঘর্ষ, আহত ২০

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-02
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-srmik-pulis-kyek-dfa-sngghrsh-aht-20](https://dailyfulki.com/article/asuliyay-srmik-pulis-kyek-dfa-sngghrsh-aht-20)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11807.md](https://dailyfulki.com/news/11807.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ার নরসিংহপুরে ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে শ্রমিক ও পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে নরসিংহপুরে হা-মীম গ্রুপের সামনে এ সংঘর্ষ শুরু হয়।

শ্রমিকদের দাবি, দুপুরে মধ্যাহ্নবিরতির পর কারখানা থেকে বের হয়ে খাবার খেতে যাওয়ার সময় পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পরে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

তবে পুলিশের দাবি, শ্রমিকরাই প্রথমে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পুলিশের অন্তত ১০ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মনিরুল ভূঁইয়া।

তিনি জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। আশুলিয়ায় কতটি কারখানা বন্ধ রয়েছে বা কতগুলো কারখানায় ছুটি দেওয়া হয়েছে, এ মুহূর্তে সে তথ্য তার কাছে নেই।

পরে বেলা দেড়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকা-আশুলিয়া-ইপিজেড আঞ্চলিক মহাসড়কে যান চলাচল আবার শুরু হয়।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
