# জনগণের রায় উপেক্ষা করে স্বৈরশাসন চাপাতে চায় সরকার: জামায়াত আমির

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-31
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jngner-ray-upeksha-kre-swoirsasn-capate-cay-srkar-jamayat-amir](https://dailyfulki.com/article/jngner-ray-upeksha-kre-swoirsasn-capate-cay-srkar-jamayat-amir)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11799.md](https://dailyfulki.com/news/11799.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

শরীয়তপুর সংবাদদাতা : গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ে ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরে পথসভা করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (৩১ অক্টোবর) সকালে জাজিরা উপজেলার নাওডোবায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারের বিরুদ্ধে জনরায় উপেক্ষা করে স্বৈরশাসন চাপিয়ে দেওয়ার অভিযোগ তোলেন।

 

ডা. শফিকুর রহমান বলেন, জনগণ ভোট দিয়েছে, কিন্তু সরকার সেই রায় মানছে না। জনগণকে অপমান ও প্রতারণা করছে। ধোঁকা দেওয়ার পাশাপাশি মিথ্যাচারও করছে সরকার। এসব অন্যায় মেনে নেওয়া হবে না।

 

সাত দফা দাবি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, প্রথম ও প্রধান দাবি গণভোটের গণরায় বাস্তবায়ন। জনগণ পাশে থাকলে সব দাবি আদায় করা হবে বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, 'এই জাতি খালি হাতে বুকে গুলি নিয়েছে। সেই জাতি কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না।' তিনি সাত দফা দাবি আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

পথসভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস-সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি-চাঁদাবাজি-দখলদারত্ব বন্ধ করা। এই দাবিগুলো আদায়ে ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করছে জোটটি।

 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
