# পাবনায় হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব, গুলিতে নিহত ২

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-29
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/pabnay-hater-ijara-niye-dwndw-gulite-niht-2](https://dailyfulki.com/article/pabnay-hater-ijara-niye-dwndw-gulite-niht-2)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11782.md](https://dailyfulki.com/news/11782.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে ইজারাদারসহ দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, পুষ্পপাড়া হাটের ইজারাদার আব্দুস সালাম হাজী (৫৫) ও তার সহযোগী রিপন হোসেন (৫০)। তাদের বাড়ি আতাইকুলা থানার ধর্মগ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

হাটের বর্তমান ইজারাদার আব্দুস সালাম হাজী তার সহযোগীদের নিয়ে হাটে তাদের অফিস রুমে বসেছিলেন। এ সময় প্রতিপক্ষের কয়েকজন লোক মুখোশ পরা অবস্থায় এসে তাদের গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালাম হাজী ও তার সহযোগী রিপনকে মৃত ঘোষণা করেন।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, হাটের ইজারা নিয়ে দুই পক্ষের বিরোধ ছিল।

তারই জেরে প্রতিপক্ষের লোকজন তাদের গুলি করেছে। গুলিতে দুই জন মারা গেছেন।
তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করা হবে। বিস্তারিত পরে জানাতে পারবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
