# সিংগাইরে পরিবেশদূষণের অভিযোগে লাখ টাকা জরিমানা, প্রতিষ্ঠান সিলগালা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-28
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/singgaire-pribesduushner-ovizoge-lakh-taka-jrimana-prtishthan-silgala](https://dailyfulki.com/article/singgaire-pribesduushner-ovizoge-lakh-taka-jrimana-prtishthan-silgala)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11767.md](https://dailyfulki.com/news/11767.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

সিংগাইর (মানিকগঞ্জ) থেকে : মানিকগঞ্জের সিংগাইরে পরিবেশদূষণের অভিযোগে বিএস রিসাইক্লিং নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির।

পরিবেশ ছাড়পত্র ছাড়া টায়ার পুড়িয়ে জ্বালানি উৎপাদন এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কর্মকাণ্ডের দায়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২-এর ৮(১) বিধি অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির টায়ার পোড়ানোর কালো ধোঁয়ায় এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। এতে ফসলি জমি ও কৃষিকাজ ব্যাহত হচ্ছিল বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দেওয়া হয়। গভর্নমেন্ট হাউজিং সোসাইটি নামের একটি প্রতিষ্ঠানও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর একই এলাকায় পরিবেশদূষণের অভিযোগে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। এর মধ্যে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে চামড়ার বর্জ্য ব্যবহার করে অনুমোদনহীনভাবে পোলট্রি ও ফিশ ফিড উৎপাদনের অভিযোগ ছিল।

অন্য প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরিবেশ ছাড়পত্র ছাড়াই টায়ার পুড়িয়ে জ্বালানি উৎপাদনের অভিযোগে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

বুধবারের অভিযানে সিংগাইর থানা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
