# সিংগাইরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের নখও পরীক্ষা করলেন ইউএনও

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-28
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/singgaire-bisw-hat-dhoya-dibs-palit-sikshartheeder-nkhoo-preeksha-krlen-iuenoo](https://dailyfulki.com/article/singgaire-bisw-hat-dhoya-dibs-palit-sikshartheeder-nkhoo-preeksha-krlen-iuenoo)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11766.md](https://dailyfulki.com/news/11766.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : ‘হাত ধোয়া নায়ক হোন’—এই প্রতিপাদ্য সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শনীর আয়োজন করা হয়।

সকাল ১০টায় সিংগাইর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যালিটি বের হয়। পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালিটি উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন - উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. নেওয়াজ শরীফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রওশন আলী মণ্ডল ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোস্তফাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরে উপজেলা পরিষদ চত্বরের হলরুমের সামনে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়ার সাতটি কৌশল প্রদর্শন করা হয়। এ সময় ইউএনও খায়রুন্নাহার ও প্রকৌশলী মো. নেওয়াজ শরীফের নেতৃত্বে কর্মকর্তারা প্রদর্শনী পর্যবেক্ষণ করেন। একপর্যায়ে ইউএনও শিক্ষার্থীদের হাতের নখ পরীক্ষা করেন। যেসব শিক্ষার্থীর নখ বড় ছিল, তাদের নখ ছোট রাখার নির্দেশনা দেন তিনি।

দিবসটি পালনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে সঠিকভাবে হাত ধোয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
