# হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৯৫

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-27
- **বিভাগ (Category)**: স্বাস্থ্য
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ham-oo-upsrge-aroo-7-sisur-mrritzu-ntun-rogee-1295](https://dailyfulki.com/article/ham-oo-upsrge-aroo-7-sisur-mrritzu-ntun-rogee-1295)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11755.md](https://dailyfulki.com/news/11755.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২৯৫ জন সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ছয়জন এবং নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে।

এ সময়ে নতুন করে এক হাজার ২৩২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। পাশাপাশি পরীক্ষায় আরও ৬৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুজন করে এবং ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

নতুন শনাক্ত সন্দেহজনক রোগীর সংখ্যায় সবচেয়ে বেশি আক্রান্তের তথ্য পাওয়া গেছে ঢাকা বিভাগে। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এরপরই রয়েছে চট্টগ্রাম বিভাগ, যেখানে নতুন রোগীর সংখ্যা ২৪৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ২৩ হাজার ৭৮৪ জনে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৩ হাজার ৫৪১ জন।

এ সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে এক হাজার ১৩৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৪০ জনে।

এদিকে আক্রান্তদের অনেকেই বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন অনেকে।

হামের সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি টিকাদান কার্যক্রম জোরদার করার উদ্যোগ অব্যাহত রেখেছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
