# জাবির বিএনপিপন্থি সেই অধ্যাপক পিএসসির সদস্য হলেন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-25
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jabir-bienpipnthi-sei-odhzapk-piessir-sdsz-hlen](https://dailyfulki.com/article/jabir-bienpipnthi-sei-odhzapk-piessir-sdsz-hlen)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11733.md](https://dailyfulki.com/news/11733.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

জাবি প্রতিনিধি : চব্বিশে কোটা সংস্কার আন্দোলনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিজের কার্যালয় থেকে সরিয়ে ফেলতে বলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আলোচিত বিএনপিপন্থি সেই অধ্যাপক ড. শামীমা সুলতানাকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক ড. শামীমা সুলতানাকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে জনস্বার্থে সরকারি কর্ম কমিশনের সদস্য পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করলেন।

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সে কাল পর্যন্ত সরকারি কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন।

এর আগে ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থী হত্যা, হামলা, নির্যাতন ও আটকের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে নিজের কার্যালয় থেকে তার ছবি সরিয়ে ফেলার কথা বলে আলোচনায় আসেন তিনি।

অধ্যাপক ড. শামীমা সুলতানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের তৎকালীন সভাপতি ছিলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে অধ্যাপক ড. শামীমা সুলতানার অফিস কক্ষে বসা একটি ছবি ভাইরাল হয়।

পরে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, ড. শামীমা সুলতানার পেছনের দেয়ালে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো থাকলেও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল না। ১ আগস্ট তিনি শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলেন উল্লেখ করে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
ড. শামীমা সুলতানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহসভাপতি ছিলেন।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
