# সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-25
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/soudite-dui-bangladesir-mrritzudnd-karzkrer-bishze-jante-cay-sngsdeey-kmiti](https://dailyfulki.com/article/soudite-dui-bangladesir-mrritzudnd-karzkrer-bishze-jante-cay-sngsdeey-kmiti)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11730.md](https://dailyfulki.com/news/11730.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের ঘটনায় বিস্তারিত তথ্য চেয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এ ঘটনায় সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের কোনো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা-ও জানতে চেয়েছে কমিটি। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিশেষ আমন্ত্রণে অংশ নেন। সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বৈঠকে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর কার্যক্রম ও জনবল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দেশটিতে কর্মরত বাংলাদেশিদের সেবা ও কল্যাণ নিশ্চিত করতে মিশনগুলোর জনবল বাড়ানো এবং সেবার মান উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। কমিটি সৌদি আরবে বাংলাদেশ মিশনগুলোর সেবার মানোন্নয়নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিস্তারিত আধুনিকায়ন পরিকল্পনা উপস্থাপনের সুপারিশ করেছে।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, কর্মসংস্থান ও রেমিট্যান্স, শ্রমবাজারের চ্যালেঞ্জ ও সম্ভাবনা এবং রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রমকল্যাণ সেবা ও হজ ব্যবস্থাপনা নিয়ে একটি উপস্থাপনা দেয়।

বৈঠকে মিশনগুলোর জনবল সংকট নিয়েও আলোচনা হয়। সৌদি আরবে বাংলাদেশের তিনটি মিশন রয়েছে। এর মধ্যে রিয়াদে বাংলাদেশ দূতাবাস, জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) বাংলাদেশের স্থায়ী মিশন রয়েছে।

সংসদীয় কমিটির বৈঠকের কার্যপত্রে দেওয়া তথ্য অনুযায়ী, রিয়াদে বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করছেন মাত্র ১৪ জন কর্মকর্তা। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে কর্মরত রয়েছেন প্রায় ১১ জন কর্মকর্তা। আর ওআইসিতে বাংলাদেশের স্থায়ী মিশনে দায়িত্ব পালন করছেন একজন কর্মকর্তা।

দ্বিপক্ষীয় সম্পর্ক রক্ষা, কূটনৈতিক কার্যক্রম পরিচালনা, শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা, বাণিজ্য সম্প্রসারণ, পাসপোর্ট ও ভিসাসেবা এবং হজ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয় এসব মিশনকে। বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার তুলনায় বর্তমান জনবল অপ্রতুল বলে কার্যপত্রে উল্লেখ করা হয়েছে।

বৈঠকে সৌদি আরবে কর্মরত নারী শ্রমিকদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যও পররাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে কর্মরত নারী শ্রমিকদের সুরক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে বলা হয়।

১৫৩তম আন্তঃসংসদীয় ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ এবং কমিটির সভাপতি আইপিইউর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করায় বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়। সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে সহযোগিতার জন্যও মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কমিটি।

এ ছাড়া অবৈধভাবে বিদেশ গমন ও মানবপাচার প্রতিরোধ, ভারতে শেখ হাসিনার অবস্থান ও তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ এবং ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের দেশে ফেরানোর পদক্ষেপ নিয়ে আগের বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার বিষয় ছিল কার্যপত্রে।

বৈঠকে ক্ষমতাচ্যুত সরকারের অপপ্রচার ও বিভ্রান্তিমূলক প্রচারণা মোকাবিলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কৌশল নিয়েও আলোচ্যসূচি ছিল।

বৈঠকে কমিটির সদস্য এ বি এম মোশাররফ হোসেন, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী ও সানজিদা ইসলাম অংশ নেন। এ সময় পররাষ্ট্র সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
