# নিম্নচাপটি রূপ নেবে অতি প্রবল ঘূর্ণিঝড়ে, আঘাত হানতে পারে বুধবার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-25
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/nimncapti-ruup-nebe-oti-prbl-ghuurnijhre-aghat-hante-pare-budhbar](https://dailyfulki.com/article/nimncapti-ruup-nebe-oti-prbl-ghuurnijhre-aghat-hante-pare-budhbar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11723.md](https://dailyfulki.com/news/11723.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি পর্যায়ক্রমে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামী  ২৮ অক্টোবর (বুধবার) ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

অধিদপ্তরেরর আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত আবহাওয়া পূর্বাভাসে আজ রবিবার এসব তথ্য জানানো হয়েছে। তবে ঝূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভবনা খুবই কম। এটি ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ রবিবার সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছে।

 

নিম্নচাপটি দক্ষিণ দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আজ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

 

এতে বলা হয়েছে, পরবর্তীতে ক্রমান্বয়ে দিক পরিবর্তন করে পশ্চিম/উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এটি অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে আগামী ২৮ অক্টোবর (বুধবার) নাগাদ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

 

নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

 

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পূর্বাভাসে আগামী ২৪ ঘণ্টা চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে, এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

 

এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পূর্বাভাসে উল্লেখ আছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
