# মানিকগঞ্জে মহাসড়কে তিন চাকার যান বন্ধের সিদ্ধান্ত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-24
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/manikgnje-mhasrke-tin-cakar-zan-bndher-siddhant](https://dailyfulki.com/article/manikgnje-mhasrke-tin-cakar-zan-bndher-siddhant)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11710.md](https://dailyfulki.com/news/11710.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে চালকের বৈধ লাইসেন্স ও রুট পারমিট ছাড়া গাড়ি চলাচল বন্ধ এবং হেলপারদের দিয়ে গাড়ি চালানো প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সড়ক দুর্ঘটনা কমাতে সড়কের ত্রুটি নিরসন ও নজরদারি জোরদারের সিদ্ধান্তও হয়েছে।

শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও দুর্ঘটনা প্রতিরোধবিষয়ক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

সভায় সড়কে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়। সড়কের ঝুঁকিপূর্ণ স্থান ও ত্রুটি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সড়ক ও জনপথ বিভাগকে বলা হয়।

সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খায়রুল ইসলাম, শিবালয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানি কর্মকার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবীব, বিআরটিএর ঢাকা কার্যালয়ের উপপরিচালক প্রকৌশলী মোবারক হোসেনসহ পরিবহন মালিক-শ্রমিক সংগঠন, পুলিশ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন মেনে চলা, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি।

এর আগে গত বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোবাইকের সংঘর্ষে দুই যাত্রী নিহত হন। আহত হন অটোবাইকের চালক। এ ঘটনায় বাস চলাচল বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে সেলফি পরিবহনের চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
