# চট্টগ্রামে প্রথমবারের মতো ২ জনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-08
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/cttgrame-prthmbarer-mto-2-jner-sreere-jika-vairas-snakt](https://dailyfulki.com/article/cttgrame-prthmbarer-mto-2-jner-sreere-jika-vairas-snakt)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/117.md](https://dailyfulki.com/news/117.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

চট্টগ্রামে প্রথমবারের মতো দুই জনের শরীরে জিকা ভাইরাস পাওয়া গেছে। মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে থেকে এ তথ্য জানানো হয়। আক্রান্তদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। সোমবার নগরীর একটি বেসরকারি ল্যাবে নমুনা পরীক্ষায় জিকা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত করা হয়।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নগরের বেসরকারি একটি ল্যাবে দুই জনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার থেকে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

 

চট্টগ্রাম জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, এপিক হেলথ কেয়ারে একটি কম্বাইন কিটের মাধ্যমে দুই জনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত করা হয়। এ কিট একাধিক ভাইরাস শনাক্তে ব্যবহৃত হয়। চূড়ান্ত নিশ্চিতকরণে আরও কিছু পরীক্ষা করানো হচ্ছে। আক্রান্ত পুরুষের জ্বর, শরীর ব্যথা এবং শরীর লালচে হয়ে গেছে। নারীর জ্বর, হাত-পা ব্যথা ও ফুলে গেছে।

আইইডিসিআরের তথ্য অনুযায়ী, জিকা ভাইরাসের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। আক্রান্ত ব্যক্তিকে বিশ্রাম নিতে হবে। প্রচুর পানি ও তরল জাতীয় খাবার খেতে হবে। জ্বর ও ব্যথার জন্য চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খেতে হবে। জিকা ভাইরাসে আক্রান্তদের প্রায় ৮০ শতাংশের মধ্যে কোনো উপসর্গই দেখা যায় না। বাকি ২০ শতাংশ ক্ষেত্রে কিছু নির্দিষ্ট উপসর্গ প্রকাশ পায়। আক্রান্তদের মধ্যে  চামড়ায় লালচে দানার মতো ছোপ (র‌্যাশ), মাথা ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া, মাংসপেশি ও গিঁটে ব্যথা হয়। সাধারণত আক্রান্ত হওয়ার ৩ থেকে ১২ দিনের মধ্যে উপসর্গগুলো দেখা দেয় এবং এই উপসর্গ ২ থেকে ৭ দিন স্থায়ী হতে পারে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
