# গরমে মন ভরাবে ডাবের শাঁসের মজাদার পায়েস

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-22
- **বিভাগ (Category)**: লাইফস্টাইল
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/grme-mn-vrabe-daber-sannser-mjadar-pazes](https://dailyfulki.com/article/grme-mn-vrabe-daber-sannser-mjadar-pazes)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11675.md](https://dailyfulki.com/news/11675.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাধারণ পায়েসের চেয়ে একটু আলাদা কিছু খেতে চান? তাহলে ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন দারুণ মজার ডাবের পায়েস। দুধের ঘন স্বাদ, ডাবের নরম শাঁস আর বাদাম-কিশমিশের মিষ্টি স্বাদে তৈরি করা যায় এটি। খাবারের শেষে কিংবা বিকালের নাশতায় ঠান্ডা ডাবের পায়েস পরিবেশন করলে পরিবারের সবাই খুশি হবে। চলুন, জেনে নেওয়া যাক সহজে ডাবের পায়েস তৈরির পদ্ধতি।

ডাবের পায়েস তৈরিতে যা লাগবে

ডাবের নরম শাঁস এক কাপ, দুধ এক লিটার, চিনি আধা কাপ, এলাচ গুঁড়ো আধা চা-চামচ, আমন্ড ১০টি, কাজুবাদাম ১০টি, কিশমিশ ১০টি এবং জাফরান এক চিমটি।

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি পাত্রে দুধ নিয়ে মাঝারি আঁচে জ্বাল দিন। দুধ ফুটে উঠলে আঁচ কমিয়ে ২০ থেকে ৩০ মিনিট ধীরে ধীরে জ্বাল দিতে থাকুন। মাঝে মাঝে নাড়তে হবে, যাতে দুধ পাত্রের তলায় লেগে না যায় এবং ধীরে ধীরে ঘন হয়ে আসে।

এবার ডাবের শাঁস বের করে ছোট ছোট টুকরো করুন অথবা হালকা কুরিয়ে নিন। এরপর ঘন হয়ে আসা দুধে ডাবের শাঁস দিয়ে ভালোভাবে নাড়ুন।

এবার চিনি, এলাচ গুঁড়ো ও এক চিমটি জাফরান দিয়ে দিন। মাঝারি আঁচে আরও প্রায় ১০ মিনিট রান্না করুন। দুধের ঘনত্ব পছন্দমতো হয়ে এলে কুচি করা আমন্ড, কাজুবাদাম ও কিশমিশ ছড়িয়ে দিন। কিছুক্ষণ নেড়ে চুলা বন্ধ করে দিন।

পায়েস স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা হতে দিন। এরপর ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিন। পরিবেশনের আগে ওপর থেকে আরও সামান্য বাদাম ছড়িয়ে দিলে দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও হবে তেমনি সুস্বাদু।

ডাবের পায়েস ভালো করার সহজ কৌশল

ডাবের শাঁস নরম হলে বেশি সময় ধরে রান্না করবেন না। এতে শাঁসের স্বাভাবিক কোমলতা বজায় থাকবে। দুধ ঘন করার সময় নিয়মিত নাড়তে হবে, যাতে পাত্রের তলায় লেগে না যায়। ডাব ও দুধের স্বাভাবিক মিষ্টতা বুঝে চিনির পরিমাণ কমবেশি করতে পারেন। আর পায়েস ফ্রিজে ভালোভাবে ঠান্ডা হলে এর স্বাদ আরও ভালো লাগবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
