# আশুলিয়ায় তরুণীসহ হানি ট্র্যাপচক্রের তিন সদস্য গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-21
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-truneesh-hani-trzapckrer-tin-sdsz-greptar](https://dailyfulki.com/article/asuliyay-truneesh-hani-trzapckrer-tin-sdsz-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11665.md](https://dailyfulki.com/news/11665.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় এক যুবককে তুলে নিয়ে মারধর এবং মুক্তিপণ আদায়ের অভিযোগে এক তরুণীসহ হানি ট্র্যাপ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।
এর আগে ভোর সাড়ে ৫টার দিকে আশুলিয়ার এনায়েতপুর এলাকার মামুন হোসেন সজিবের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-খন্দকার মেহেদী হাসান (২৪), মোসাঃ সাবিনা ইসলাম (২০) এবং ১৬ বছরের এক কিশোর।

পুলিশ জানায়, গত ১৬ অক্টোবর সন্ধ্যার দিকে মো. পারভেজ বিশ্বাস (৩৪) নামের এক যুবক সাভার থেকে বেড়ানোর উদ্দেশ্যে বের হন। পরে তিনি আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার ওভারব্রিজের নিচ থেকে আবার সাভারের উদ্দেশ্যে রওনা হলে একজন অজ্ঞাত নারী তার নিকট লিফট চাইলে তিনি রাজি হন। পরে ওই নারীর কথামতো তিনি আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার আল-নূর মসজিদের সামনে পৌঁছামাত্রই অজ্ঞাতনামা ৫/৬ জন ব্যক্তি তার মোটরসাইকেলের সামনে এসে তাকে মোটরসাইকেল থেকে নামতে বলে। কোনো কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্তরা তাকে এলোপাতাড়িভাবে চর-থাপ্পর মারতে থাকে এবং জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাতনামা একটি বাঁশবাগানে ভিতরে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে ফেলে। পরে ধারালো অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে তার নিকট থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় তাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে।

এ সময় ভুক্তভোগীর কাছে কোনো টাকা না থাকায় এবং টাকা দিতে অস্বীকার করায় অপহরণকারীরা তার পরিবারের লোকজনের নিকট মোবাইল ফোনের মাধ্যমে মুক্তিপণের টাকা দাবি করে। পরে ভুক্তভোগীর পরিবার কোনো উপায় না পেয়ে তাদের মোবাইল নম্বরের নগদ অ্যাকাউন্টে ২০ হাজার টাকা প্রদান করে এবং ভুক্তভোগীর মোবাইল নম্বরের নগদ অ্যাকাউন্টে রক্ষিত ৪ হাজার ৩০০ টাকা তুলে নেয়। এ ছাড়াও তারা ভুক্তভোগীর ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও একটি ব্লুটুথ হেডফোন নিয়ে নেয়। এ বিষয়ে কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে রাস্তায় ছেড়ে দেয়। পরে ভুক্তভোগী বাদী হয়ে এ বিষয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়ে আশুলিয়া থানা পুলিশ চক্রটি ধরতে অভিযান শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
 

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সেই সঙ্গে উক্ত হানিট্র্যাপের অপরাধের সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারসহ বাদীর নিকট হইতে মুক্তিপণের নগদ অর্থ এবং মোবাইল ফোন উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা অব্যাহত আছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
