# ধামরাইয়ে ৫২০ কেজির অষ্টধাতুর দুর্গা প্রতিমা: বিসর্জন নেই

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-20
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhamraye-520-kejir-oshtdhatur-durga-prtima-bisrjn-nei](https://dailyfulki.com/article/dhamraye-520-kejir-oshtdhatur-durga-prtima-bisrjn-nei)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11639.md](https://dailyfulki.com/news/11639.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ধামরাই প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সাধারণত পাঁচ দিনব্যাপী পূজা শেষে দেবী দুর্গার মাটির প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় উৎসবের আনুষ্ঠানিকতা। তবে ধামরাইয়ের ঐতিহ্যবাহী বণিক বাড়িতে রয়েছে এর ব্যতিক্রমী আয়োজন।

এখানে দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হয় না। প্রতীকী দর্পণ বিসর্জনের মধ্যদিয়ে সম্পন্ন হয় পূজার সমাপনী আনুষ্ঠানিকতা।
বণিক বাড়ির বিশেষ আকর্ষণ ৫২০ কেজি ওজনের অষ্টধাতুর দুর্গা প্রতিমা। প্রায় আট ফুট উচ্চতার এই প্রতিমাটি নির্মাণ করা হয় ২০১৭ সালে। প্রতিমাটি তৈরি করতে সময় লেগেছে প্রায় এক বছর। নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২৫ লাখ টাকা।

প্রতিমাটি তৈরি হয়েছে আট ধরনের ধাতু দিয়ে। এগুলো হলো—স্বর্ণ, রৌপ্য, পারদ, দস্তা, সীসা, লোহা, রাং ও তামা। মূল দেবী দুর্গার পাশাপাশি রয়েছে লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিকের প্রতিমা। প্রতিমার অবয়ব ও চোখের নকশায় অনুসরণ করা হয়েছে বাংলার প্রচলিত সনাতন রীতি। বাঁশপাতার আদলে তৈরি করা হয়েছে দেবীর চোখ।
বণিক বাড়ির স্বত্বাধিকারী সুকান্ত বণিক জানান, পরিবারের সদস্যরাই নিজেদের হাতে অষ্টধাতুর এই প্রতিমা তৈরি করেছেন। প্রায় ২০০ বছর ধরে তাদের পরিবার তামা, কাঁসা ও পিতলের বিভিন্ন সামগ্রী তৈরির সঙ্গে যুক্ত।

সুকান্ত বণিক বলেন, আগে তারা মাটির প্রতিমা তৈরি করে দুর্গাপূজা করতেন। পরিবারের সদস্য সংখ্যা কমে যাওয়ায় স্থায়ী একটি প্রতিমা তৈরির চিন্তা আসে। পরে পরিবারের সদস্যরাই নিজেদের উদ্যোগে অষ্টধাতুর প্রতিমাটি তৈরি করেন। এটি পারিবারিক পূজা-অর্চনার জন্য তৈরি করা হয়েছে, বিক্রির জন্য নয়। তবে কেউ চাইলে অর্ডারের ভিত্তিতে এ ধরনের প্রতিমা তৈরি করে দেওয়া সম্ভব।

বণিক বাড়িতে দুর্গাপূজার ঐতিহ্য প্রায় ১২৬ বছরের। ২০১৭ সালে অষ্টধাতুর প্রতিমা নির্মাণের পর থেকে প্রতিবছর পূজার আগে নতুন করে সাজানো হয় প্রতিমাটি। পূজার পাঁচ দিন বণিক বাড়ি ও পূজামণ্ডপ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে।

প্রতিমাটি দেখতে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন। শুধু প্রতিমাই নয়, বণিক বাড়ির পুরোনো স্থাপত্য, নান্দনিক কারুকাজ এবং কাঁসা-পিতলের তৈরি বিভিন্ন দেবদেবীর মূর্তিও দর্শনার্থীদের আকর্ষণ করে। বাড়ির বিভিন্ন স্থানে রয়েছে নটরাজসহ নানা দেবদেবীর মূর্তি।

সুকান্ত বণিক জানান, দেশের বিভিন্ন এলাকার দর্শনার্থীদের পাশাপাশি বিদেশি পর্যটক এবং বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিরাও এই প্রতিমা দেখতে এসেছেন। অষ্টধাতুর এই দুর্গা প্রতিমা নিয়ে পশ্চিমবঙ্গসহ বিভিন্ন দেশের গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

বণিক পরিবারের দীর্ঘদিনের ধাতুশিল্পের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা ৫২০ কেজি ওজনের এই অষ্টধাতুর দুর্গা প্রতিমা এখন ধামরাইয়ের অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। বিসর্জনের পরিবর্তে দর্পণে প্রতীকী বিদায়ের এই অনন্য রীতিই বণিক বাড়ির দুর্গাপূজাকে দিয়েছে আলাদা পরিচিতি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
