# আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-10
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/anoyar-ibrahimer-amntrne-malyesiya-zacchen-prdhan-updeshta](https://dailyfulki.com/article/anoyar-ibrahimer-amntrne-malyesiya-zacchen-prdhan-updeshta)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1159.md](https://dailyfulki.com/news/1159.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : তিন দিনের সফরে সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণেই দেশটিতে যাচ্ছেন তিনি। সেখানে মঙ্গলবার (১২ আগস্ট) দু’দেশের সরকারপ্রধান পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

 

ওইদিন সকালে পুত্রজায়ায় আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ড. মুহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। দ্বিপাক্ষিক এ সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময় হওয়ার কথা।

বৈঠকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় জটিলতা নিরসন, প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসা-বাণিজ্য, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, সমুদ্র অর্থনীতি এবং আসিয়ানসহ আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের সহযোগিতার নানা বিষয়ে আলোচনা হতে পারে। 

 

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। ক্ষমতা গ্রহণের দুই মাস পর, গত বছরের অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকা সফর করেন। যা অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম কোনো বিদেশি সরকার প্রধানের সফর ছিল।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
