# আশুলিয়ায় সাড়ে ৫ লাখ টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ২

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-17
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-sare-5-lakh-takar-jal-not-uddhar-greptar-2](https://dailyfulki.com/article/asuliyay-sare-5-lakh-takar-jal-not-uddhar-greptar-2)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11572.md](https://dailyfulki.com/news/11572.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি :  আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫ লাখ ৭৯ হাজার ১০০ টাকার জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জাল টাকা তৈরির সরঞ্জাম ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টারদিকে এসব তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম। 
এরআগে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল পৌনে ৪ টারদিকে ভাদাইল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বরিশালের আগৈলঝাড়া থানার ফুল্লশ্রী গ্রামের মো. কামাল সরদার (৪৮) এবং গৌরনদী থানার চরসি গ্রামের মানিক সরকার (১৯)। তাঁরা গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা এলাকার ভবানীপুরে হযরত আলীর বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল পৌনে চারটারদিকে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ছাইয়েদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পবনারটেক এলাকায় দেলোয়ার হোসেন মিন্টুর কার্যালয়ের সামনে অভিযান চালান। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার কামাল সরদারের কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ২০০টি নোট, ৫০০ টাকা মূল্যমানের ৬১১টি নোট উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর কাছ থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত নোট শক্ত করার আঠা এবং বরিশাল-ল-১১-০৭৫২ নম্বর সংবলিত একটি পুরোনো কালো রঙের হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 

অপরদিকে, মানিক সরকারের হেফাজত থেকে ১০০ টাকা মূল্যমানের ৭২৩টি জাল নোট এবং ৫০ টাকা মূল্যমানের ২৬টি জাল নোট উদ্ধার করা হয়। দুইজনের কাছ থেকে উদ্ধার করা জাল নোটের মোট মূল্য ৫ লাখ ৭৯ হাজার ১০০ টাকা।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। জাল টাকা দেশের অর্থনীতি ও আর্থিক ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি এবং সাধারণ মানুষকে আর্থিক ক্ষতির মুখে ফেলতে পারে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। জাল নোট তৈরি, সরবরাহ ও বাজারজাতকরণের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
