# কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা জেলা ছাত্রদল নেতার স্ত্রীর মৃত্যু

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-17
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/kksbajare-risorte-ognikande-dhaka-jela-chatrdl-netar-streer-mrritzu](https://dailyfulki.com/article/kksbajare-risorte-ognikande-dhaka-jela-chatrdl-netar-streer-mrritzu)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11566.md](https://dailyfulki.com/news/11566.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারের ইনানীতে ‘টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্ট’ এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি আশুলিয়ার দেওয়ান ফয়সালের স্ত্রী নাসরিন আক্তার মুক্তার (২৯) মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার ওই রিসোর্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সর্বশেষ পাওয়া তথ্যমতে, এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১০ জনের মৃত্যু হয়েছে।

মৃত নাসরিন আক্তার আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি বিদ্যালয়ে শিক্ষাকতা করতেন। তার বাবার নাম মোস্তফা কামাল।

 

মৃত নাসরিন আক্তারের স্বামী ও ছাত্রদল নেতা দেওয়ান ফয়সাল বলেন, আমার স্ত্রী ও তার বান্ধবীরা ছোটবেলার বন্ধু। একসঙ্গে পড়াশোনা করেছেন। গত বৃহস্পতিবার তারা সেখানে বেড়াতে গিয়েছিলেন। আগামীকাল রোববার তাদের ফিরে আসার কথা ছিল। তার আগেই না ফেরার দেশে চলে গেছে নাসরিন। লাশ সংগ্রহে কক্সবাজার যাচ্ছি।

এ বিষয়ে ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি বাদল হোসেন জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রিসোর্টটিতে ফয়সালের স্ত্রীসহ তিন বান্ধবী উঠেছিলো। সকালে তার দুই বান্ধবী কক্ষ থেকে বাহিরে বের হয়। তবে ওই সময় কক্ষে থাকা নাসরিন আক্তার রুমে থেকে যান এবং ভেতরে আটকা পড়ে। এই আকস্মিক অগ্নিকাণ্ডে তার মৃত্যু হয়।

 

ঘটনাস্থল থেকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, ঘটনার পর সেখানে উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে। তবে ঠিক কী কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। লাশের পরিচয় নিশ্চিতে কিছুটা সময় লাগতে পারে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
