# সংঘর্ষের পর কুমিল্লা মহানগর কমিটি ভাঙল জামায়াত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-16
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sngghrsher-pr-kumilla-mhangr-kmiti-vangl-jamayat](https://dailyfulki.com/article/sngghrsher-pr-kumilla-mhangr-kmiti-vangl-jamayat)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11546.md](https://dailyfulki.com/news/11546.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লা মহানগরী জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংঘটিত ঘটনার পর সংগঠনটির মহানগরী শাখার কমিটি ভেঙে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে কেন্দ্রীয় তত্ত্বাবধানে মহানগরীর সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে জামায়াত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

বৈঠকে গত ১৪ অক্টোবর কুমিল্লা মহানগরী জামায়াত কার্যালয়ে সংঘটিত ঘটনা ও এর পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। পরে দলটির গঠনতন্ত্রের ১৬ নম্বর ধারার ৩ নম্বর উপধারার ‘চ’ অনুচ্ছেদ অনুসরণ করে ৬৩ নম্বর ধারার ক্ষমতাবলে মহানগরী শাখার সংগঠন ও ইমারাত ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে কুমিল্লা মহানগরী জামায়াতের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। এ দায়িত্ব পালন করবেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

এদিকে, ১৪ অক্টোবরের ঘটনা তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। কমিটিতে রয়েছেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

গঠিত তদন্ত কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
