# অবশেষে মুক্তি পেলেন বিএসএফের হাতে আটক পুলিশের ২ সদস্য

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-16
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/obseshe-mukti-pelen-biesefer-hate-atk-puliser-2-sdsz](https://dailyfulki.com/article/obseshe-mukti-pelen-biesefer-hate-atk-puliser-2-sdsz)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11536.md](https://dailyfulki.com/news/11536.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ১৫ ঘণ্টা পর মুক্তি পেয়েছেন। তাদের দেশে ফিরিয়ে আনতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত থেকে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা ভারতের সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে চেষ্টা চালিয়ে আসছেন।

 

অবশেষে শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটে ভরতীয় প্রশাসন দুই পুলিশ সদস্যকে বাংলাদেশ প্রতিনিধিদলের কাছে হস্তান্তর করেন।

 

ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। আটক দুই সদস্য হলেন—ব্রাহ্মণপাড়া থানার এএসআই ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। তাদের হস্তান্তরের সময় পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন।

 

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে দায়িত্ব পালনকালে শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন স্থানে মাদক উদ্ধার অভিযানে যায় পুলিশের একটি দল। এসময় পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা করে। তাকে ধাওয়া করতে গিয়ে কনস্টেবল রোহিত দেওয়ান অজান্তে সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন। পরে ভারতীয় বাসিন্দারা তাকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করেন।

 

এদিকে, খবর পেয়ে সহকর্মীকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরান হোসেনকেও আটক করা হয়। দুই সদস্যের খবর পেয়ে তাদের দেশে ফিরিয়ে আনতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা ভারতের সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ শুরু করেন।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে গতকাল রাত থেকে আলোচনা চলছে। অবশেষে দুপুর ১টা ৫০ মিনিটের দিকে পুলিশ সদস্য ইমরান হোসেন ও রোহিত দেওয়ানকে আমাদের কাছে হস্তান্তর করা হয়।
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
