# কুমিল্লায় জামায়াত কার্যালয়ে সংঘর্ষে জড়িত এবি পার্টি নেতা, দল থেকে অব্যাহতি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-15
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/kumillay-jamayat-karzalye-sngghrshe-jrit-ebi-parti-neta-dl-theke-obzahti](https://dailyfulki.com/article/kumillay-jamayat-karzalye-sngghrshe-jrit-ebi-parti-neta-dl-theke-obzahti)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11522.md](https://dailyfulki.com/news/11522.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

কুমিল্লা সংবাদদাতা : দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

 

বুধবার রাতে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত এসেছে বলে জানা গেছে।

 

বৃহস্পতিবার বিকেলে এবি পার্টির দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত গোলাম মোহাম্মদ সামদানী এবি পার্টির নাম, পদবি বা প্রতীক ব্যবহার করে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা কিংবা দলের পক্ষে বক্তব্য বা বিবৃতি দিতে পারবেন না। এ সময়ে তার কোনো বক্তব্য বা কর্মকাণ্ডের দায়ভার দল বহন করবে না।

 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অন্তর্বর্তীকালীন সময়ে দলের গঠনতন্ত্র অনুযায়ী কুমিল্লা মহানগর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক নির্ধারণ করা হবে।

 

দলের নীতি অবস্থান তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবি পার্টি রাজনৈতিক শিষ্টাচার, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার রাজনীতিতে বিশ্বাস করে। অন্য কোনো রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিরোধে যুক্ত হওয়া বা পক্ষাবলম্বন করা দলের নীতি ও আদর্শের পরিপন্থী। এ বিষয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের সচেতন ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়েছে।

 

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে এবি পার্টির কুমিল্লা জেলার আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর অভ্যন্তরীণ বিষয়ে এবি পার্টি কুমিল্লা মহানগরীর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীর সম্পৃক্ততার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। কেন্দ্রীয় সভাপতি মজিবুর রহমান মঞ্জু বিষয়টি অবগত হয়েছেন। জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে সৃষ্ট জটিলতায় এবি পার্টি কুমিল্লা মহানগর ও জেলা কোনোভাবেই সম্পৃক্ত নয়। ব্যক্তিগত সিদ্ধান্তে কেউ এমনটি করে থাকলে এবি পার্টি তার দায়ভার বহন করবে না। মহানগর ও জেলা শাখার সব নেতাকর্মীকে এ ব্যাপারে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে।’

 

অন্যদিকে, সাময়িক অব্যাহতির বিষয়ে জানতে চাইলে গোলাম মোহাম্মদ সামদানী বলেন, ‘আমাদের কেন্দ্রীয় সভাপতি আমাকে ফোন করেছেন। আমি বলেছি, ১৫ দিনের মধ্যে জবাব দেব। আমি জামায়াতের কার্যালয়ে শেষ মুহূর্তে গিয়েছিলাম। কারা গাড়ি ভাঙচুর করেছে, এ বিষয়ে আমি কিছুই জানি না।’

 

গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
