# বৃত্তির তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট সংশোধনের সুযোগ দিয়ে মাউশির বিজ্ঞপ্তি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-15
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/brrittir-tthz-oo-bzangk-ozakaunt-sngsodhner-suzog-diye-mausir-bijngpti](https://dailyfulki.com/article/brrittir-tthz-oo-bzangk-ozakaunt-sngsodhner-suzog-diye-mausir-bijngpti)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11512.md](https://dailyfulki.com/news/11512.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত মেধা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও সংশোধনের জন্য এমআইএস সফটওয়্যার চালু করা হয়েছে। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বৃত্তি পেয়ে সাধারণ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের তথ্য এবং বৃত্তির অর্থ পেতে সমস্যায় পড়া শিক্ষার্থীদের ব্যাংক হিসাবের তথ্য সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

বুধবার (১৪ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখার পরিচালক অধ্যাপক মো. নাজমুল হক স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

 

চিঠিতে বলা হয়েছে, যেসব বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য আগে এমআইএস সফটওয়্যারে এন্ট্রি করা হয়নি, তাদের তথ্যও নতুন করে এন্ট্রি করা যাবে। বৃত্তির অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠানোর জন্য শিক্ষার্থীদের বৃত্তি ও ব্যাংকসংক্রান্ত তথ্য নির্ভুলভাবে এন্ট্রি ও সংশোধন করতে হবে।

ব্যাংকসংক্রান্ত তথ্যের ভুলের কারণে যেসব শিক্ষার্থীর বৃত্তির অর্থ ফেরত গেছে বা জমা হয়নি, তাদের তথ্য সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে, ব্যাংকের নাম, শাখার নাম, রাউটিং নম্বর, হিসাব নম্বর, একক বা যৌথ হিসাবসংক্রান্ত ভুল এবং নিষ্ক্রিয় ব্যাংক হিসাবের সমস্যা সমাধান করতে হবে। নিষ্ক্রিয় হিসাব সচল করার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

 

এছাড়া সংশ্লিষ্ট সব শিক্ষার্থীর তথ্য যাচাই করে পুনরায় সংরক্ষণ করতে হবে। বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনের ক্ষেত্রে অধিদপ্তরের সংযুক্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বৃত্তির এমআইএস সফটওয়্যারে বৃত্তিসংক্রান্ত তথ্য এন্ট্রি করা যাবে না। তথ্য এন্ট্রি বা সংশোধনে কোনো ভুল কিংবা অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দায়ী থাকবেন।

নির্দেশনাটি বাস্তবায়নে দেশের সরকারি ও বেসরকারি কলেজ, স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, শিক্ষক প্রশিক্ষণ কলেজ, মেডিকেল ও প্রকৌশল কলেজসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
