# টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-14
- **বিভাগ (Category)**: গাজীপুর
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/tngoeer-ooshudh-karkhanar-agun-niyntrne](https://dailyfulki.com/article/tngoeer-ooshudh-karkhanar-agun-niyntrne)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11504.md](https://dailyfulki.com/news/11504.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

দুপুর ২টা ১০ মিনিটে ঘটনাস্থলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ এ তথ্য জানান। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করেছে।

 

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, কারখানার সাততলা ভবনের চতুর্থ ও দ্বিতীয় তলায় আগুন লাগে। সেখানে ইনজেকশনসহ জরুরি ওষুধ থাকায় আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে ফায়ার সার্ভিস জরুরি ভিত্তিতে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ২১টি ইউনিটের প্রচেষ্টায় দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ফায়ার সার্ভিসের একজন কর্মী শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন। তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে টঙ্গী শিল্প এলাকার স্কুইব রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ইউনিট-২-এর সাততলা ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। প্রথমে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরিস্থিতির অবনতি হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে টঙ্গী, সাভার, গাজীপুর, আশুলিয়া ও ঢাকাসহ বিভিন্ন ফায়ার স্টেশন থেকে ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সঙ্গে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও গাজীপুর সিটি করপোরেশনের সদস্যরাও কাজ করেন।

আগুনের কারণে ঘটনাস্থল ঘিরে প্রায় দুই কিলোমিটার এলাকায় গণপরিবহন চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। পরে দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ড্রাগ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বাদল বলেন, কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। তবে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বাহিনীর সহায়তা নেওয়া হয়।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
