# প্রতিবেশীর সঙ্গে বিরোধে কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে মরদেহ দাফন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-13
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/prtibeseer-sngoe-birodhe-kbrsthane-zawar-rasta-bndh-ghr-venge-mrdeh-dafn](https://dailyfulki.com/article/prtibeseer-sngoe-birodhe-kbrsthane-zawar-rasta-bndh-ghr-venge-mrdeh-dafn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11471.md](https://dailyfulki.com/news/11471.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ অবস্থায় রাস্তার মাঝে থাকা ঘর ও টিনের বেড়া ভেঙে চলাচলের পথ তৈরি করে আব্দুল সালাম (৬০) নামে এক ব্যক্তির মরদেহ দাফন করেছেন স্বজন ও এলাকাবাসী।

 

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের বিলপালিমা গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুল সালাম কালিহাতী উপজেলার বিলপালিমা গ্রামের একাব্বর আলীর ছেলে।

শনিবার রাতে ঘাটাইল উপজেলায় অসুস্থ অবস্থায় তিনি মারা যান। রাতে কোনোভাবে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান। রাতে দাফনের প্রস্তুতি নেওয়া হলেও কবরস্থানে যাওয়ার রাস্তা না থাকায় তা সম্ভব হয়নি। পরে সকালে মরদেহ দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

বিলপালিমা গ্রামের মাতবর মোজাফফর হোসেন বলেন, কবরস্থানে মরদেহ দাফন করতে যাওয়ার রাস্তা না থাকায় প্রতিবেশীদের রাস্তা বের করে দিতে বলা হয়েছিল। কিন্তু তারা তাতে সাড়া দেননি।

মৃত সালামের ভাই পুলিশ সদস্য আবু সাঈদ বলেন, এলাকাবাসীর শরণাপন্ন হলে সোমবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে কবরস্থানে মরদেহ নেওয়ার সময় চলাচলের রাস্তা না থাকায় স্থানীয় বাসিন্দারা ঐক্যবদ্ধ হন। পরে রাস্তার মাঝখানে থাকা ঘর ও টিনের বেড়া ভেঙে চলাচলের পথ তৈরি করে দেন তারা।

তিনি আরও বলেন, এলাকাবাসীর সহায়তায় পরে কবরস্থানে মরদেহ দাফন করা সম্ভব হয়েছে। তার ভাইয়ের জানাজা শনিবার রাতে হওয়ার কথা ছিল। কিন্তু মরদেহ নেওয়ার রাস্তা না থাকায় রোববার সকাল ১১টায় দাফন করতে হয়েছে।

 

এলাকাবাসী জানান, প্রায় ১০০ বছরের পুরোনো বিলপালিমা বর্তা বিলের চলাচলের রাস্তা নিয়ে প্রতিবেশী একাব্বর আলীর সঙ্গে বিরোধের জেরে প্রায় দুই বছর ধরে বিলপালিমা গ্রামের মোতাহের মাস্টার, কবির, মজিদ ও কাশেমের লোকজন চলাচলের রাস্তা বন্ধ করে রেখেছেন।

বাংড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহজালাল বলেন, প্রতিপক্ষ রাস্তার মাঝখানে ঘর তুলেছিল। ঘর থাকায় মরদেহ নেওয়া সম্ভব হয়নি। পরে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ঘর ভেঙে রাস্তা তৈরি করেন। এরপর মরদেহ কবরস্থানে নিয়ে দাফন করা হয়।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, শুনেছি দীর্ঘ দিন ধরে রাস্তা নিয়ে বিরোধ ছিল। বিরোধের জেড়ে ক্ষুব্ধ জনতা ঘর ভেঙে মরদেহ দাফন করেছে। পরে ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
