# ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-10
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/fzamili-karder-tthz-snggrh-suru-12-oktobr](https://dailyfulki.com/article/fzamili-karder-tthz-snggrh-suru-12-oktobr)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11404.md](https://dailyfulki.com/news/11404.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : দেশব্যাপী আগামী ১২ অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারগুলোর তথ্য সংগ্রহ শুরু হচ্ছে। এ কর্মসূচি সম্পর্কে মানুষকে জানাতে দেশের মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রচারণার নির্দেশ দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

গত ৮ অক্টোবর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে এ বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে চিঠি পাঠানো হয়েছে। এতে ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়ে দেশের মসজিদগুলোতে এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মন্দির, প্যাগোডা ও গির্জায় কর্মসূচির বার্তা পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী একযোগে সব এলাকার খানা বা পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রম পরিচালনার জন্য ‘ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের জন্য পাঠানো বার্তায় বলা হয়েছে, সরকারের প্রশিক্ষিত কর্মীরা প্রতিটি বাড়িতে গিয়ে পরিবারের অবস্থা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করবেন। এসব তথ্যের ভিত্তিতে কোন পরিবারের সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন, তা নির্ধারণ করা হবে।

বার্তায় পরিবারের প্রকৃত তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, তথ্য কম-বেশি করে দেওয়া উচিত নয়। এতে প্রকৃত অভাবী পরিবারের অধিকার ক্ষুণ্ন হতে পারে। পাশাপাশি কেউ টাকার বিনিময়ে ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিলে তাকে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে। তথ্য দিতে কোনো অর্থ লাগবে না বলেও বার্তায় উল্লেখ করা হয়। এ ধরনের প্রতারণার বিষয়ে প্রয়োজনে ১০৯৮ নম্বরে জানানোর কথা বলা হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
