# নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-08
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/nyadillite-banglades-vart-zouth-ooyarking-gruper-boithk-aj](https://dailyfulki.com/article/nyadillite-banglades-vart-zouth-ooyarking-gruper-boithk-aj)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11358.md](https://dailyfulki.com/news/11358.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বাণিজ্য বিষয়ে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠক আগামীকাল শুক্রবার শেষ হবে। বৈঠকটিতে বাণিজ্যিক নানা বাধা, পাটজাত পণ্যে অ্যান্টিডাম্পিং শুল্ক, স্থলবন্দর-সংক্রান্ত বিষয়সহ দ্বিপক্ষীয় বাণিজ্যের বিভিন্ন বিষয় তুলবে ঢাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের একটি সরকারি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নিতে গত মঙ্গলবার নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছে।

প্রতিনিধিদলের এক সদস্য বলেন, ‘বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য সম্পর্কিত প্রায় সব বিষয়ই আমরা তুলব। ভারতীয় পক্ষ কী কী বিষয় তুলবে, সেটা এখনো আমরা জানি না। তবে এটা আলোচনার প্ল্যাটফর্ম, সিদ্ধান্ত নেওয়ার নয়।’

ওই কর্মকর্তা আরো বলেন, কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) বাংলাদেশের আলোচ্যসূচিতে নেই। দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতির বিষয়টিও আলোচনায় আসবে। কারণ বাংলাদেশে ভারতের রপ্তানি এবং ভারতে বাংলাদেশের রপ্তানির মধ্যে পার্থক্য অনেক বেশি।

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারতে ১৭৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে এবং ভারত বাংলাদেশে এক হাজার ৯৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস। দেশের ব্যবসায়ীরা ভারত থেকে শিল্পের কাঁচামাল, কাপড়, সুতা ও তুলা আমদানি করেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
