# আশুলিয়ায় এসআরবি'র অভিযানে ১৩৭ কেজি গাঁজাসহ আটক ২

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-07
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-esarbir-ovizane-137-keji-gannjash-atk-2](https://dailyfulki.com/article/asuliyay-esarbir-ovizane-137-keji-gannjash-atk-2)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11343.md](https://dailyfulki.com/news/11343.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় বিপুল পরিমাণ গাঁজার চালানসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৪।

অভিযানে তাদের কাছ থেকে ১৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩৪ লাখ ২৫ হাজার টাকা বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের বগাবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক।
গ্রেপ্তার দুজন হলেন- মো. শাহিন আলম (২৩) ও মো. বাবুল (৩২)।

এসআরবি-৪ সূত্র জানায়, কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হকের নেতৃত্বে সহকারী পুলিশ সুপার ফয়েজ সারজিল, স্কোয়াড কমান্ডার হালিউজ্জামানসহ সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল বগাবাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। একপর্যায়ে শাহিন আলম ও বাবুলকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসআরবি-৪ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে আশুলিয়ায় এনে মজুদ করার কথা স্বীকার করেছে। পরবর্তী সময়ে তারা আশুলিয়া, সাভার, ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে এসব গাঁজা সরবরাহ করত বলে জানিয়েছে।

এসআরবি-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩৭ কেজি গাঁজাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের মাদক সংগ্রহ ও সরবরাহের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার শাহিন আলম ও বাবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
