# জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-02
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jamayat-neta-mejr-ob-akhtarujjamanke-bimanbndr-thanay-hstantr](https://dailyfulki.com/article/jamayat-neta-mejr-ob-akhtarujjamanke-bimanbndr-thanay-hstantr)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11257.md](https://dailyfulki.com/news/11257.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার করে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

শুক্রবার (২ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে বিষয়টি  নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার।

এর আগে আজ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে মামলা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হলো।

সরকারি কাজে বাধা, বিমানবন্দরে বিশৃঙ্খলাসহ বিভিন্ন অভিযোগে আজ দুপুরে বিমানবন্দর থানায় মামলা হয় আখতারুজ্জামানের নামে। আজ দুপুরে বিমানবন্দর থানায় মামলাটি করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব।

দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলাটি করা হয়।

এদিকে আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন ১০ নভেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার মামলার এজাহার আদালতে উপস্থাপনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন। মামলাটির তদন্ত করছেন বিমানবন্দর থানার এসআই মাজেদুল ইসলাম।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
