# মিষ্টিকে এবার বিএনপি থেকেও পদত্যাগের নির্দেশ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-02
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/mishtike-ebar-bienpi-thekeoo-pdtzager-nirdes](https://dailyfulki.com/article/mishtike-ebar-bienpi-thekeoo-pdtzager-nirdes)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11249.md](https://dailyfulki.com/news/11249.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে জাতীয় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার পর এবার বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

 

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তার বিরুদ্ধে সাংগঠনিক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

 

এর আগে ১ অক্টোবর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন।

 

নির্দেশনার পর বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন মিষ্টি। পরে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয় এবং সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়।

 

পদত্যাগপত্রে মিষ্টি জানান, তিনি সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে পদত্যাগের কারণ হিসেবে কোনো বিষয় উল্লেখ করেননি।

 

এর আগে সংসদ ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিষ্টি বলেন, রাড্ডা সেন্টারের ঘটনায় তদন্ত হওয়া উচিত। তদন্তে যা বেরিয়ে আসবে, সেটিই গ্রহণযোগ্য হবে। দলীয় সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিএনপির সিদ্ধান্ত যা হবে, সেটাই হবে।

 

এদিকে রাড্ডা সেন্টারের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির সাংগঠনিক পর্যায়েও বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই ঘটনায় দল ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার খবর এসেছে।

 

তবে মিষ্টির বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের নির্দেশের বিষয়ে এখন পর্যন্ত দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসেনি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
