# চলতি বছরে ৮০ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী, মৃত্যু ২৫০ ছুঁই ছুঁই

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-01
- **বিভাগ (Category)**: স্বাস্থ্য
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/clti-bchre-80-hajar-charal-dengou-rogee-mrritzu-250-chunni-chunni](https://dailyfulki.com/article/clti-bchre-80-hajar-charal-dengou-rogee-mrritzu-250-chunni-chunni)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11239.md](https://dailyfulki.com/news/11239.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট ২৪৯ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে মৃত্যু সবচেয়ে বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে।
এদিকে এক হাজার ৯৭৮ জন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৫৯৮ জন।

আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিবেদনে বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত ৭৫ হাজার ৬৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে এক হাজার ৮০৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। আগের মাসে অর্থাৎ আগস্টে ডেঙ্গুতে মৃত্যু ছিল ৪৩ জনের। এ ছাড়া জুলাই মাসে ৩৬, জুনে ১৩ জনের মৃত্যু হয়েছিল।

এদিকে মে মাসে ১, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
