# আশুলিয়ায় পোশাক কারখানায় শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে গ্রেফতার ২

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-30
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-posak-karkhanay-sekh-hasinar-jnmdin-paln-krte-giye-greftar-2](https://dailyfulki.com/article/asuliyay-posak-karkhanay-sekh-hasinar-jnmdin-paln-krte-giye-greftar-2)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11224.md](https://dailyfulki.com/news/11224.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আশুলিয়ায় একটি পোশাক কারখানার ভেতরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতে পাঠানোর পর শুনানি শেষে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার ‘সিনটেক্স’ নামের একটি পোশাক কারখানা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- পঞ্চগড় জেলার বোদা থানার নয়াপাড়া গ্রামের পবিজ উদ্দিনের ছেলে মো. রুবেল ইসলাম। তিনি রংপুর কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ছিলেন এবং বর্তমানে ওই কারখানায় সুইং সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন। অন্যজন বগুড়ার নন্দীগ্রাম থানার ধুন্দার গ্রামের লোকমান হোসেনের ছেলে মো. শাহিন। তিনিও কারখানাটিতে একই পদে (সুইং সুপারভাইজার) কর্মরত রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে কারখানার ভেতরে বাইরে থেকে লোক এনে শেখ হাসিনার জন্মদিনের বিশেষ আয়োজন করা হয়। সেখানে এই দুই কর্মকর্তাসহ কারখানার ও বাইরের বেশ কয়েকজন অংশগ্রহণ করেন। পরবর্তীতে এই আয়োজনের ভিডিও ধারণ করে কেন্দ্রের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। বিষয়টি জানতে পেরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেন জানান, আটকদের বিষয়ে বর্তমানে জিজ্ঞাসাবাদ ও সত্যতা যাচাই-বাছাই চলছে। বুধবার সকালে তাদের আদালতে পাঠানোর পর শুনানি শেষে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া এই আয়োজনের সঙ্গে যুক্ত অন্যান্য জড়িতদের আটকের উদ্দেশ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
