# বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-29
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/brrishtite-mzac-batil-na-khelei-semifainale-banglades](https://dailyfulki.com/article/brrishtite-mzac-batil-na-khelei-semifainale-banglades)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11182.md](https://dailyfulki.com/news/11182.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে না খেলেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার কথা ছিল লিটন দাসদের। তবে ম্যাচ শুরুর প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল করা হয়। র‌্যাংকিংয়ে মালয়েশিয়ার চেয়ে এগিয়ে থাকায় নিয়ম অনুযায়ী সেমিফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘সকালে গেমস কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে, খেলা হচ্ছে না। এজন্য দল স্টেডিয়ামেও যাবে না।’

নাগোয়ায় টানা বৃষ্টির কারণে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল পর্ব বাধাগ্রস্ত হচ্ছে। গতকাল দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। আজ সকালে নেপাল ও শ্রীলঙ্কার ম্যাচও পরিত্যক্ত হয়েছে। মাঠ খেলার উপযোগী না হওয়ায় বাংলাদেশের ম্যাচও নির্ধারিত সময়ের আগেই বাতিল করা হয়।

আগামী ১ অক্টোবর সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। সকাল ৯টায় ম্যাচটি হওয়ার কথা রয়েছে। তবে আবহাওয়ার উন্নতি না হলে সেমিফাইনাল নিয়েও শঙ্কা রয়েছে। ম্যাচটি পরিত্যক্ত হলে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবিধায় ফাইনালে উঠবে পাকিস্তান। সেক্ষেত্রে বাংলাদেশকে ব্রোঞ্জের জন্য লড়তে হবে।

এর আগে নারী ক্রিকেট দলও বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনাল খেলতে পারেনি। চীনের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় র‌্যাংকিংয়ের সুবিধায় সরাসরি সেমিফাইনালে উঠেছিল জ্যোতির দল।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
