# সিংগাইরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কর্তন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-28
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/singgaire-nishiddh-chatrleeg-netar-hat-payer-rg-krtn](https://dailyfulki.com/article/singgaire-nishiddh-chatrleeg-netar-hat-payer-rg-krtn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11179.md](https://dailyfulki.com/news/11179.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

সিংগাইর ( মানিকগঞ্জ) প্রতিনিধি :  মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মনির হোসেন বশিরের দুই হাত ও দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আহত বশির  মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের পালোড়ার চর গ্রামের মনিরের ছেলে। সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় সোমবার (২৮ সেপ্টেম্বর) মনির হোসেন বশিরের বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ ১০-১২ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করেছেন বলে সিংগাইর থানার ওসি মো:  মাজহারুল ইসলাম নিশ্চিত করেন।  

এর আগে রোববার দিবাগত মধ্যরাতে ঘটনাটি সদর থানা এলাকার শেষ এবং সিংগাইর থানা শুরুর ২০০ গজের মধ্যে ঘটে।
সিংগাইর থানা ওসি মাজহারুল ইসলাম বলেন, হামলাকারীরা বশিরের বন্ধু। তাদের বাড়িও সদর উপজেলায়। কিভাবে বশিরকে ইট ভাটায় নিয়ে আসলো, কেনো নিয়ে আসলো, কোপানোসহ সকল বিষয়ে তদন্ত চলছে। আহত বশিরের বাবার অভিযোগের প্রেক্ষিতে মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে বলেও তিনি জানান। 

এদিকে, রোববার দিবাগত মধ্যরাতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নিষিদ্ধ সংগঠনটির জেলা সভাপতি এম এ সিফাদ কোরাইশী ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে  বলা হয়, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা বশিরের ওপর নৃশংস হামলা চালিয়ে তার দুই হাত ও দুই পায়ের রগ কেটে দিয়েছে। 

তবে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ জানান, মূলত নিজেদের মধ্যে দ্বন্দ্ব, ওই ছেলের বন্ধুরাই তাকে কুপিয়েছে। মধ্যরাতে ইটভাটায় ওই ছেলে কাদের সাথে গেছে? কেনো গেছে? এসব বিষয়ে খতিয়ে দেখার জন্য আইনশৃঙ্খলার প্রতি দাবী জানিয়েছেন। তিনি আরো বলেন, এখানে ছাত্রদল বা বিএনপির অঙ্গ সংগঠনের নাম জড়িয়ে গুজব ছড়াচ্ছে নিষিদ্ধ সংগঠন। এর আগে শহীদ মিনারে একজনের আত্মহত্যার ঘটনা নিয়েও গুজব ছড়িয়েছে ওই নিষিদ্ধ সংগঠনটি।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
