# আশুলিয়ায় মাদ্রাসা ভাঙচুরে কৃষকদল নেতা জাকিরসহ ৭৪ জনের নামে মামলা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-28
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-madrasa-vangcure-krrishkdl-neta-jakirsh-74-jner-name-mamla](https://dailyfulki.com/article/asuliyay-madrasa-vangcure-krrishkdl-neta-jakirsh-74-jner-name-mamla)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11176.md](https://dailyfulki.com/news/11176.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় একটি ট্রাস্ট পরিচালিত মাদ্রাসায় সশস্ত্র হামলা, ব্যাপক ভাঙচুর ও লকার ভেঙে নগদ ২০ লাখ টাকাসহ বিপুল টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় প্রভাবশালী কৃষকদল নেতা জাকির হোসেন, শ্রমিক লীগ নেতার ভাই ইমাম হাসান, শুটার মামুন ও সুপার কালুসহ ১৪ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) মাদ্রাসার প্রশাসন বিভাগের উপ-পরিচালক সৈয়দ সানজিদ (৪৫) বাদী হয়ে এ মামলাটি করেন।
এরআগে রোববার বিকেল সাড়ে ৪টারদিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় অবস্থিত তাহফিজুল কোরআনিল কারিম ফাজিল (স্নাতক) মাদ্রাসায় এ হামলার ঘটনা ঘটে।
মামলার আসামিরা হলেন, কুষকদল নেতা গাজীরচট এলাকার জাকির হোসেন (৪৭), শ্রমিক লীগ নেতার ভাই ইমাম হাসান (৫০), সুবন্দী এলাকার মামুন দেওয়ান ওরফে শুটার মামুন (৪০), কন্ডা এলাকার শুটার কালু (৩৫), মোঃ রুবেল (৪৫), মারুফ হোসেন মুকুল (৫৫), ডাক্তার সালেউদ্দিন সাঈদ (৬০), ফজলুল কবির (৬০), মোঃ বাবু (৩৫), রফিক দেওয়ান (৫৫), হাবিবুর (৩৫), কানা মনির (৩৬), শামীম (৩৮) ও মোঃ দিপু (৩৫)সহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মাদ্রাসার মালিকানাধীন মার্কেট নিয়ে আসামিদের সাথে কর্তৃপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে রোববার বিকেলে প্রধান আসামি ইমাম হাসানের নির্দেশে জাকির হোসেন, শুটার মামুন ও শুটার কালুসহ অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মাদ্রাসায় বেআইনিভাবে প্রবেশ করে। তারা জোরপূর্বক মাদ্রাসা ও মার্কেট দখলের চেষ্টা চালায়। এ সময় মাদ্রাসার সিকিউরিটি ইনচার্জ মোঃ আলতাব হোসেন বাধা দিলে আসামিরা তাকে প্রাণনাশের হুমকি দেয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা মাদ্রাসার আসবাবপত্র, দরজা-জানালা এবং প্রায় ২০টি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। এতে মাদ্রাসার অন্তত ১৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়। একপর্যায়ে তারা অফিসের লকার ভেঙে নগদ ২০ লাখ টাকা, ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের দুটি ল্যাপটপ এবং ২ লাখ টাকা মূল্যের ১০টি কম্পিউটার মনিটর লুট করে নিয়ে যায়। মাদ্রাসা কর্তৃপক্ষের লোকজন সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। 
এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি মামলাটি রেকর্ড করা হয়েছে। ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
