# দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, বজায় থাকবে ভ্যাপসা গরম

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-28
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/deser-bivinn-oncle-brrishtir-avas-bjay-thakbe-vzapsa-grm](https://dailyfulki.com/article/deser-bivinn-oncle-brrishtir-avas-bjay-thakbe-vzapsa-grm)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11166.md](https://dailyfulki.com/news/11166.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : দেশের বিভিন্ন অঞ্চলে আজ সোমবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দিনের অধিকাংশ সময় আকাশ রৌদ্রোজ্জ্বল থাকতে পারে। এর ফলে ভ্যাপসা গরম অনুভূত হওয়ার পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে জানানো হয়েছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বেশ কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সংস্থাটি আরও জানায়, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর মধ্যে বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

আগামী কয়েক দিনের পূর্বাভাস তুলে ধরে আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিনও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া বৃহস্পতিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
