# দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-27
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/deser-sb-bivager-ainjeebeeder-jnz-ntun-siddhant](https://dailyfulki.com/article/deser-sb-bivager-ainjeebeeder-jnz-ntun-siddhant)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11153.md](https://dailyfulki.com/news/11153.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

সারাদেশের আইনজীবীদের পেশাগত দক্ষতা ও নৈতিকতার মানোন্নয়নে দেশের সব বিভাগে পর্যায়ক্রমে উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে চলতি বছরের মধ্যে চট্টগ্রাম ও খুলনা বিভাগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), আইন মন্ত্রণালয় ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পারস্পরিক সহযোগিতায় আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস জাঁকজমকপূর্ণভাবে পালনের সিদ্ধান্ত হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) এবং ইউএনডিপির প্রতিনিধিদলের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে ইউএনওডিসির বাংলাদেশ কার্যালয়ের প্রধান শাহ মোহাম্মদ নাহীয়ান এবং ইউএনডিপির আইনের শাসন, বিচার ও নিরাপত্তাবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা রোমানা শোয়াইগার অংশ নেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র নিয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে মতবিনিময় করেন।

বৈঠকে সারাদেশের আইনজীবীদের নৈতিকতা বিষয়ক উচ্চতর প্রশিক্ষণের আওতায় আনার বিষয়ে ঐকমত্য হয়। সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি বিভাগে পর্যায়ক্রমে এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হবে। সংশ্লিষ্ট বিভাগের অধীন জেলা বার ও চৌকি বারের আইনজীবীরা প্রতিনিধিত্বের ভিত্তিতে প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাবেন।

প্রাথমিকভাবে ২০২৬ সালের মধ্যেই চট্টগ্রাম ও খুলনা বিভাগে প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে দেশের অন্যান্য বিভাগেও পর্যায়ক্রমে এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো আইনজীবী ও আইন কর্মকর্তাদের পেশাগত সততা, স্বাধীনতা, মানবিক মর্যাদা, মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি অঙ্গীকার আরও সুদৃঢ় করা। একইসঙ্গে বিচারব্যবস্থায় পেশাগত নৈতিকতার চর্চা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
এর আগে জাতিসংঘ ও ইউএনডিপির সহযোগিতায় প্রথমবারের মতো বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের জন্য প্রসিকিউটরদের পেশাগত নৈতিকতার নীতি ও চর্চা শক্তিশালীকরণবিষয়ক দুই দিনব্যাপী উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত ওই প্রশিক্ষণের শিরোনাম ছিল ‘বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের জন্য প্রসিকিউটরদের পেশাগত নৈতিকতার নীতি ও চর্চা শক্তিশালীকরণ’। প্রশিক্ষণ কর্মসূচির ধারাবাহিকতায় এবার দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য একই ধরনের প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে আজ রবিবারের বৈঠকে আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপনের বিষয়েও আলোচনা হয়। ইউএনডিপি, আইন মন্ত্রণালয় ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের যৌথ সহযোগিতায় দিবসটি জাঁকজমকপূর্ণভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে জেলা ও চৌকি বার পর্যায়ের আইনজীবীদের আন্তর্জাতিক সহযোগিতায় পরিচালিত উচ্চতর পেশাগত নৈতিকতা প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
