# আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-20
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/awamee-leeg-smrthker-barite-vuurivoj-oosi-prtzahar](https://dailyfulki.com/article/awamee-leeg-smrthker-barite-vuurivoj-oosi-prtzahar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11011.md](https://dailyfulki.com/news/11011.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীর সেনবাগে চট্টগ্রামের ব্যবসায়ী স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তির বাড়িতে দাওয়াত খাওয়ার অভিযোগে থানার ওসি মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন দায়িত্ব পালন করছেন।

 

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার।

নোয়াখালী জেলা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় থানার ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দেয়। এ ছাড়া উপজেলার বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ সমর্থক ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভূরিভোজে ওসির অংশ নেওয়ার অভিযোগ উঠায় তাকে প্রত্যাহার করা হয়।

 

বর্তমানে ওসির দায়িত্বে থাকা সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন বলেন, ‘শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওসি প্রত্যাহারের পর চলে গেছেন।

 

তবে কী কারণে প্রত্যাহার করা হয়েছে তা জানি না। বটতলা এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলের ঘটনায় শনিবার থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এতে অজ্ঞাতপরিচয় আরো ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়।

 

এদিকে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার বলেন, ‘একজনের বাড়িতে গিয়ে ওসির দাওয়াত খাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। ওসি আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে।’

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
