# ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নিল বিএনপি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-18
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/thakurgannoo-1-asner-upnirwacn-agrhee-prartheeder-sakshattkar-nil-bienpi](https://dailyfulki.com/article/thakurgannoo-1-asner-upnirwacn-agrhee-prartheeder-sakshattkar-nil-bienpi)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10981.md](https://dailyfulki.com/news/10981.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপ-নির্বাচনে বিএনপির তিনজন আগ্রহী প্রার্থীর সাক্ষাৎকার নিয়েছে দলটির পার্লামেন্টারি বোর্ড। তবে কাকে মনোনয়ন দেওয়া হবে তা পরে জানানো হবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎকার নেওয়া হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করে জানান, পার্লামেন্টারি বোর্ডের সামনে সাক্ষাৎকার দিয়েছেন ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মির্জা ফয়সল আমিন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ্ মাসুদ এবং সুলতানুল ফেরদৌস চৌধুরী নম্র।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে পার্লামেন্টারি বোর্ড ও স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড. রুহুল কবীর রিজভী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ ও ডা. ফরহাদ হালিম ডোনার।

বৈঠক শেষে রুহুল কবীর রিজভী সাংবাদিকদের বলেন, এই বৈঠক মনোনয়ন বোর্ডের বৈঠক।

স্থায়ী কমিটিই বোর্ডে সদস্য। আমরা আমাদের আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেছি। তবে সিদ্ধান্তটি (কে মনোনয়ন পাবেন) পরে জানানো হবে।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন জয়ী হন বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কিন্তু তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ওই আসন শূন্য ঘোষণা করা হয়। এখন ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ঘোষিত শিডিউল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে সংসদ সদস্য পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৭ সেপ্টেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ অক্টোবর।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
